প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১:৪৮ পিএম (ভিজিট : ৯২)

X
ভ্যাট রিটার্ন দাখিল প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন এই উদ্যোগের আওতায় সব করদাতার রিটার্ন ই-ভ্যাট সিস্টেমে সংরক্ষণ করা হবে, ফলে জরিমানা ও সুদ ছাড়াই করদাতারা নিজেরাই আগে দাখিল করা হার্ড কপি রিটার্ন অনলাইনে এন্ট্রি দিতে পারবেন।
সোমবার (৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এনবিআর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ লক্ষ্যে একটি নতুন সাব-মডিউল চালু করা হয়েছে এবং এর কার্যপ্রণালি সম্পর্কে পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্র অনুসরণ করে করদাতারা তাদের পূর্বে দাখিল করা পেপার রিটার্ন নিজ উদ্যোগে ই-ভ্যাট সিস্টেমে অন্তর্ভুক্ত করতে পারবেন।
এনবিআর জানায়, বিদ্যমান ব্যবস্থায় করদাতাদের দাখিল করা হার্ড কপি রিটার্ন সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটের সেন্ট্রাল প্রসেসিং সেন্টার (সিপিসি) থেকে ই-ভ্যাট সিস্টেমে এন্ট্রি করা হতো। এতে তথ্য এন্ট্রিতে ভুলের কারণে দায় নির্ধারণে জটিলতা তৈরি হতো এবং বিপুল সংখ্যক রিটার্ন এন্ট্রি দিতে দীর্ঘ সময় লাগত।
এ কারণে অনেক ক্ষেত্রে সময়মতো রিটার্ন সিস্টেমে অন্তর্ভুক্ত না হওয়ায় করদাতাদের ওপর স্বয়ংক্রিয়ভাবে সুদ ও জরিমানা আরোপ করা হতো। পরবর্তীতে অনলাইনে রিটার্ন দাখিল করতে গেলে জরিমানা পরিশোধ না করা পর্যন্ত করদাতারা সিস্টেমে প্রবেশের সুযোগ পেতেন না।
নতুন সাব-মডিউল চালুর ফলে যারা মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারায় নির্ধারিত সময়ের মধ্যে হার্ড কপি রিটার্ন দাখিল করেছেন, তারা কোনো সুদ ও জরিমানা ছাড়াই ই-ভ্যাট সিস্টেমে রিটার্ন এন্ট্রি দিতে পারবেন। করদাতাদের ই-মেইল ও মোবাইল ফোনে নোটিফিকেশনের মাধ্যমে সংশ্লিষ্ট লিংক পাঠানো হবে, যার মাধ্যমে ‘হার্ড কপি রিটার্ন এন্ট্রি’ সাব-মডিউল ব্যবহার করা যাবে।
এনবিআর আরও জানায়, আগে দাখিল করা সব পেপার রিটার্ন আগামী ৩১ মার্চ পর্যন্ত জরিমানা ও সুদ ছাড়াই ই-ভ্যাট সিস্টেমে এন্ট্রি দেওয়া যাবে। এই প্রক্রিয়া সম্পন্ন হলে করদাতারা ভবিষ্যতে নির্বিঘ্নে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করতে পারবেন।
এ উদ্যোগের মাধ্যমে ভ্যাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে এবং কর প্রশাসনের পূর্ণাঙ্গ ডিজিটাল রূপান্তর আরও ত্বরান্বিত হবে বলে আশা করছে সংস্থাটি।