প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৭:৫২ পিএম (ভিজিট : ১২৩)

X
সরকারি নির্দেশনা অনুযায়ী এলপিজি গ্যাসের বাজার স্থিতিশীল রাখতে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন খুচরা ও পাইকারি ডিলারশিপে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন।
বুধবার (৭ জানুয়ারি) সকালে এই তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। জেলা প্রশাসন সূত্র জানায়, এলপিজি গ্যাসের মজুত, সরবরাহ ও বিক্রয়মূল্য পরিস্থিতি যাচাই করতেই এই মনিটরিং কার্যক্রম চালানো হচ্ছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কেউ যদি মজুতদারি, সিন্ডিকেট বা অসাধু ব্যবসায়িক কার্যক্রমে জড়িত থাকে, সে বিষয়ে তথ্য জেলা প্রশাসনের অভিযোগ বক্সে জানানোর আহ্বান জানানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই মনিটরিং কার্যক্রমে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনতাহা তাসনিম মৌ।
তিনি বলেন, এলপিজি গ্যাসের বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
এ সময় পেশাকার মো. জাহাঙ্গীরসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।