প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ১২:১১ পিএম (ভিজিট : ৬২)

X
দেশজুড়ে অভিযান ও জরিমানার প্রতিবাদে আজ থেকে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারাদেশে সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলন বন্ধ রাখারও ঘোষণা দিয়েছে তারা।
বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় সারা দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের জন্য এমন এক নোটিশ জারি করে সমিতি।
এর আগে বুধবার প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলনে কমিশন বাড়ানো, জরিমানা বন্ধসহ ছয় দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় সংগঠনটি। দাবি না মানলে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সরবরাহ ও বিপণন বন্ধের হুঁশিয়ারিও দেন নেতারা। পরে সন্ধ্যায় ঘোষণা আসে সরবরাহ ও বিক্রি বন্ধ রাখার কর্মসূচি।
সংবাদ সম্মেলনে দেশে বর্তমানে এলপিজি চরম সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে দাবি করে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। পরিবেশক সমিতির পক্ষ থেকে বলা হয়, পরিবেশকদের সঙ্গে আলোচনা করে নতুন করে এলপিজির মূল্য সমন্বয় করতে হবে এবং প্রশাসনের মাধ্যমে হয়রানি ও জরিমানা বন্ধ করতে হবে। এসব দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে এলপিজি সরবরাহ ও বিক্রি বন্ধ থাকবে।