প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৯:২২ পিএম (ভিজিট : ১৩৮)

X
আমার অনেক শত্রু হয়ে গেছে, যেকোনো সময় তারা আমাকে মেরে ফেলতে পারে— সব সময় এমন আশঙ্কাই করতেন গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা আজিজুর রহমান মুছাব্বির।
আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ মর্গে সাংবাদিকদের এ কথা জানান তার স্ত্রী সুরাইয়া বেগম।
সুরাইয়া বেগম বলেন, সে (মুছাব্বির) সব সময় বলত— তার অনেক শত্রু হয়ে গেছে, যেকোনো সময় তাকে মেরে ফেলা হতে পারে। তবে নির্দিষ্ট করে কারো নাম বা কোনো হুমকির বিষয়ে সে কখনো আমাদের বিস্তারিত কিছু বলেনি। মুছাব্বির খুব ভালো মানুষ ছিলেন। রাজনৈতিক মামলা ছাড়া কারো সঙ্গে তার ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল না। আসলে তার এই অতি সরলতাই কাল হয়ে দাঁড়িয়েছিল।
তিনি আরও বলেন, বাসায় সে প্রায়ই বলত— আমার অনেক শত্রু হয়ে গেছে, দেখবা হুট করে মারা যাব আর তোমরা কিছুই বুঝতে পারবা না। কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম কিংবা ভয়ংকর কোনো আশঙ্কার উৎস সম্পর্কে সে কখনো কিছু প্রকাশ করেনি। অনেক সময় বিষয়টি সে হালকাভাবে বলত, তাই আমরাও অতটা গুরুত্ব দেইনি।
নিহত মুছাব্বিরকে দেওয়া কোনো হুমকি বা এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল কি না— এমন প্রশ্নের জবাবে সুরাইয়া বলেন, সুনির্দিষ্ট হুমকির কথা সে কখনো আমাদের বলেনি। শুধু শত্রুদের হাতে মারা যাওয়ার আশঙ্কার কথা বলত। এ নিয়ে সে থানায় কোনো জিডিও করেনি।
কারা তাকে হত্যা করতে পারে— এমন প্রশ্নের জবাবে সুরাইয়া বেগম বলেন, “এখনো কাউকে শনাক্ত করতে পারিনি। তার কোনো ব্যক্তিগত শত্রু ছিল না। ঘটনার সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। ঘটনার সময় তার কাছে দুটি মোবাইল ফোন ছিল, কিন্তু ফোন দুটি পাওয়া যায়নি। তেজগাঁও থানায় অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছি। এখন পুলিশ তদন্ত করে প্রকৃত ঘটনা বের করবে। আমার স্বামীকে যারা হত্যা করেছে, তাদের আইনের আওতায় এনে বিচার চাই। কোনো পরিবারেই যেন এমন ঘটনা আর না ঘটে।”