প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১১:৪৪ এএম (ভিজিট : ২২১)

X
চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী ১৮ এপ্রিল। হজ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সৌদি সরকারের নির্দেশনা এবং ‘হজ প্যাকেজ ও গাইডলাইন–২০২৬’ অনুসরণ করতে হবে হজ এজেন্সি ও হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সগুলোকে।
এ বিষয়ে হজ এজেন্সির মালিকদের পাশাপাশি হজযাত্রী পরিবহনকারী তিনটি এয়ারলাইন্সের কাছে চিঠি পাঠিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
চিঠিতে জানানো হয়, হিজরি ১৪৪৭/২০২৬ সালের হজযাত্রীদের প্রি-হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হবে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, একই সার্ভিস কোম্পানির আওতাভুক্ত হজযাত্রীদের একই ফ্লাইটে সৌদি আরবে পাঠাতে হবে।
এছাড়া ‘হজ প্যাকেজ ও গাইডলাইন–২০২৬’ অনুযায়ী, প্রতিটি হজ এজেন্সিকে তাদের মোট হজযাত্রীর কমপক্ষে ২০ শতাংশ প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী সময়ে পাঠাতে হবে। পাশাপাশি প্রি-হজ ফ্লাইটের প্রথম ও শেষ পর্যায়ে অবশিষ্ট হজযাত্রীর ৩০ থেকে ৫০ শতাংশ পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে।
তবে কোনো এজেন্সির ক্ষেত্রে প্রি-হজ ফ্লাইটের প্রথম বা শেষ পর্যায়ে ৩০ শতাংশের কম এবং ৫০ শতাংশের বেশি টিকিট ইস্যু করা যাবে না বলে স্পষ্টভাবে উল্লেখ করেছে ধর্ম মন্ত্রণালয়।
এ অবস্থায় এক সার্ভিস কোম্পানির হজযাত্রী একই ফ্লাইটে পাঠানো এবং নির্ধারিত অনুপাত অনুযায়ী বিমান টিকিট ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট এজেন্সি ও এয়ারলাইন্সগুলোকে অনুরোধ জানানো হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে নিবন্ধিত সাড়ে ৭৮ হাজার হজযাত্রী হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে অর্ধেক হজযাত্রী পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাকি অর্ধেক পরিবহন করবে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ও ফ্লাইনাস।