প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণভোট নিয়ে যারা সমালোচনা করছেন, তাদের জানার পরিধি কম।
আজ শুক্রবার (১৬ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শাহ সৈয়দ আহমদ গেছুদারাজ (রহ.)-এর মাজার শরিফ জিয়ারতকালে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, পুরো পৃথিবীতেই সরকার গণভোট নিয়ে পক্ষ নেয়। আমরা সংস্কারের পক্ষে, দেশের অপশাসন দূর করতে হবে। শেখ হাসিনার মতো যেন আর কেউ দৈত্য-দানব না হয়, সেজন্য হ্যাঁ ভোটের পক্ষে রয়েছি। চুরি-চামারি বন্ধ করতে হলে হ্যাঁ ভোট দিতে হবে। তারা ব্যাংকের টাকা চুরি করে খেয়ে গেছে, এখন এর দায়িত্ব বর্তমান সরকারের ওপর।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার নির্বাচন নিয়ে আশঙ্কার বিষয়ে শফিকুল আলম বলেন, রুমিন ফারহানার আশঙ্কা অমূলক। এই সরকারের কারো প্রতি পক্ষপাতিত্ব নেই। আমরা আমাদের কাজ দিয়েই তা প্রমাণ করব।
প্রেস সচিব বলেন, বিগত সময়ে দিনের ভোট রাতে হওয়ায় মানুষ ভালোভাবে ভোট দিতে না পারলেও এবার মানুষ ভোট দিতে পারবে। এ সরকার তাদের কাজের মধ্য দিয়ে প্রমাণ করবে তাদের কোনো পক্ষপাতিত্ব নেই।
এ সময় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছেন প্রেস সচিব।
তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠানের জন্য রিটার্নিং কর্মকর্তা ও পুলিং কর্মকর্তাদের প্রস্তুতি সম্পন্ন। পাশাপাশি নিরাপত্তার জন্য নিরাপত্তা বাহিনীর প্রস্তুতিসহ পোস্টাল ব্যালটের কাজও সম্পন্ন হয়েছে। এখন বলা যেতে পারে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের জন্য অপেক্ষামাত্র।