
X
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বক্তব্য রাখছেন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, দেশের চিকিৎসক সমাজের মানবিকতা, পেশাগত দক্ষতা ও সেবামূলক অঙ্গীকারের প্রতীক হিসেবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
শনিবার জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ডা. জুবাইদা রহমান। একই সঙ্গে তিনি ড্যাবের সকল সদস্য ও দেশের চিকিৎসক সমাজকে আন্তরিক শুভেচ্ছা জানান।
তিনি বলেন, “আমি বিশ্বাস করি, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ দেশের চিকিৎসক সমাজের মানবিকতা ও পেশাগত উৎকর্ষতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।”
ডা. জুবাইদা রহমান আরও বলেন, ঐতিহ্য, পেশাগত সক্ষমতা ও মানবিক অঙ্গীকারকে ধারণ করে ড্যাব ভবিষ্যতেও চিকিৎসকদের কল্যাণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য সংগঠনের সদস্যদের ধন্যবাদ জানান এবং প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।
এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন। পরে তারা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ড্যাবের নেতাকর্মী, চিকিৎসক ও স্বাস্থ্যসেবাসংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. জুবাইদা রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেনসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা চিকিৎসকদের পেশাগত মর্যাদা রক্ষা, জনস্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন এবং মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ড্যাবের ভূমিকা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের স্বাস্থ্যখাতকে আধুনিক, দক্ষ ও জনবান্ধব করে তুলতে চিকিৎসকদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ অপরিহার্য।
ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সমাবেশ চিকিৎসক সমাজের পেশাগত সংহতি, জনসেবার অঙ্গীকার এবং স্বাস্থ্যখাত উন্নয়নে সম্মিলিত উদ্যোগের একটি তাৎপর্যপূর্ণ মঞ্চে পরিণত হয়।