প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১২:০০ পিএম (ভিজিট : ৭৬)

X
ইরানে গ্রেফতার হওয়া শত শত বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা বাতিল করায় দেশটির নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (১৬ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “ইরানের নেতৃত্বের প্রতি আমি গভীর সম্মান জানাই, যারা নির্ধারিত সব ফাঁসি বাতিল করেছেন, যা গতকাল কার্যকর হওয়ার কথা ছিল। ধন্যবাদ!”
ট্রাম্প আরও স্পষ্ট করে বলেন, উপসাগরীয় কোনো দেশ বা ইসরায়েল তাকে ইরানের বিরুদ্ধে হামলা থেকে বিরত থাকতে চাপ দেয়নি। তার ভাষায়, “কেউ আমাকে বোঝায়নি আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি।”
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “কেউ ফাঁসির শিকার হয়নি। তারা ফাঁসি বাতিল করেছে। বিষয়টি আমার ওপর বড় ধরনের প্রভাব ফেলেছে।”
এর আগে বৃহস্পতিবার হোয়াইট হাউস জানায়, টানা কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের প্রেক্ষাপটে ইরানি কর্তৃপক্ষ ৮০০টি নির্ধারিত মৃত্যুদণ্ড স্থগিত করেছে। এ পরিস্থিতি যুক্তরাষ্ট্র সতর্কভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়।
ইরানের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে ট্রাম্প একাধিকবার বলেন, দেশটিতে দমন-পীড়নে হাজারো মানুষ হতাহত হয়েছেন। মঙ্গলবার তিনি বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, “সহায়তা আসছে।”
একই সঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর করা হলে তেহরানকে “খুব কঠোর পদক্ষেপের” মুখোমুখি হতে হবে।
অন্যদিকে, ইরানের কর্মকর্তারা বিক্ষোভকে ‘দাঙ্গা’ ও ‘সন্ত্রাসবাদ’ হিসেবে অভিহিত করে দাবি করেছেন, এর পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদদ রয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে সহিংস বিক্ষোভ শুরু হয়। তবে হতাহত ও আটক ব্যক্তিদের সঠিক সংখ্যা সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি ইরানি কর্তৃপক্ষ।