আইসিসিকে নতুন এক প্রস্তাব দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ভিসা জটিলতার কারণে নির্ধারিত সময়ে বাংলাদেশে আসতে পারেননি ভারতীয় আইসিসি প্রতিনিধি। তবে তিনি অনলাইনে বৈঠকে অংশ নেন। শনিবার

2026-01-18T10:56:06+00:00
2026-01-18T10:56:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আইসিসিকে নতুন এক প্রস্তাব দিল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১০:৫৬ এএম   (ভিজিট : ২৬৩)
X

ভিসা জটিলতার কারণে নির্ধারিত সময়ে বাংলাদেশে আসতে পারেননি ভারতীয় আইসিসি প্রতিনিধি। তবে তিনি অনলাইনে বৈঠকে অংশ নেন। শনিবার গুলশানের একটি পাঁচতারকা হোটেলে আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে বিসিবির বৈঠকে পুরোনো বিষয়গুলোই আবার আলোচনায় উঠে আসে। মূল লক্ষ্য ছিল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করা। তবে বৈঠকের চূড়ান্ত ফলাফল সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বিসিবি। তবে শনিবারের সভায় বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। ধারণা করা হচ্ছে, দেশে ফিরে আইসিসির প্রতিনিধি দল এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে। দুই পক্ষই মনে করছে, আলোচনা অব্যাহত থাকবে এবং শেষ পর্যন্ত একটি ইতিবাচক সমাধানে পৌঁছানো সম্ভব হবে।

আইসিসির দুর্নীতি দমন বিভাগের অন্তর্বর্তীকালীন মহাব্যবস্থাপক অ্যান্ড্রু এফগ্রেভ শনিবার ভোরে ঢাকায় পৌঁছান। ব্রিটিশ পুলিশের সাবেক এই কর্মকর্তা আগে আইসিসির একই বিভাগের অপারেশন্স ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভিসা পেতে দেরি হওয়ায় আইসিসির জেনারেল ম্যানেজার (ইভেন্টস অ্যান্ড করপোরেট কমিউনিকেশন্স) গৌরব সাক্সেনা সরাসরি উপস্থিত থাকতে না পেরে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আইসিসির দুই প্রতিনিধির কাছে নতুন একটি প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবটি হলো—বাংলাদেশের গ্রুপ পরিবর্তন। সে ক্ষেত্রে বাংলাদেশ বি গ্রুপে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের সঙ্গে খেলবে। এই গ্রুপের সব ম্যাচই অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।

বিবৃতিতে বিসিবি জানায়, ‘আলোচনায় আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়েছে যেন বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করা হয়। একই সঙ্গে বাংলাদেশ দল, সমর্থক, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিয়ে বাংলাদেশ সরকারের উদ্বেগের বিষয়গুলোও তুলে ধরা হয়েছে। বৈঠকটি গঠনমূলক, সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার পরিবেশে অনুষ্ঠিত হয়। ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে সমাধানের লক্ষ্যে বাংলাদেশ দলকে অন্য একটি গ্রুপে স্থানান্তরের বিষয়টিও আলোচনায় এসেছে।’

বিসিবির পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি মো. সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। বিসিবি জানিয়েছে, এ বিষয়ে দুই পক্ষই গঠনমূলক সংলাপ চালিয়ে যাওয়ার ব্যাপারে একমত হয়েছে।

উগ্রবাদীদের চাপে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর থেকেই বাংলাদেশ ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অনিচ্ছুক। এ সিদ্ধান্তে অনড় বিসিবি। সহ-আয়োজক শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচগুলো আয়োজনের পক্ষে অবস্থান নিয়েছে বোর্ড। যদিও বিসিবি নিজেদের অবস্থানে অটল, তবুও আইসিসি চেষ্টা চালিয়ে যাচ্ছে যেন বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ করে।




  বিষয়:   বাংলাদেশ  আইসিসি  বিসিবি  ক্রিকেট 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy