
X
সামান্য দরপতনের পর বিশ্ববাজারে আবারও বড় লাফ দিয়েছে সোনা। সর্বশেষ উত্থানে পুরোনো সব রেকর্ড ভেঙে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে মূল্যবান এই ধাতুটির দাম। একইসঙ্গে রুপার দামও ছুঁয়েছে সর্বকালের নতুন রেকর্ড।
বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউরোপের একাধিক দেশের ওপর শুল্ক আরোপের হুমকিকে কেন্দ্র করে বৈশ্বিক বাণিজ্য অনিশ্চয়তা বাড়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনা ও রুপার দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা।
সোমবার (১৯ জানুয়ারি) মার্কিন স্পট মার্কেটে লেনদেনের একপর্যায়ে প্রতি আউন্স সোনার দাম বেড়ে সর্বোচ্চ ৪ হাজার ৬৯০ দশমিক ৫৯ ডলারে পৌঁছায়। একই সময়ে রুপার দাম উঠে যায় আউন্সপ্রতি ৯৪ দশমিক ১২ ডলারে, যা ইতিহাসে সর্বোচ্চ। (১ আউন্স ≈ ২.৪৩ ভরি)
এর আগে শনিবার (১৭ জানুয়ারি) ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অধীনে নেওয়ার পরিকল্পনার বিরোধিতা করায় যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। তিনি জানান, আগামী ১ ফেব্রুয়ারি থেকে এসব দেশ থেকে আমদানি করা সব পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক কার্যকর হবে।
এক পোস্টে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ড কেনার অনুমতি না দেওয়া পর্যন্ত ইউরোপের মিত্রদের ওপর শুল্ক আরোপ ক্রমশ বাড়ানো হবে।
এই ঘোষণার পর থেকেই বৈশ্বিক বাজারে উদ্বেগ তৈরি হয়। ফলে ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে সরে এসে বিনিয়োগকারীরা সোনা ও রুপার মতো নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন। এশিয়ার বাজারেও দিনের শুরু থেকেই এই প্রবণতা লক্ষ্য করা গেছে।
বিশ্লেষকদের ধারণা, শুল্ক আরোপ ঘিরে সম্ভাব্য বাণিজ্য যুদ্ধের শঙ্কা এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তাই সোনা-রুপার দাম বাড়ার প্রধান কারণ।
দেশের বাজারেও সর্বোচ্চ দামে সোনা
এদিকে দেশের বাজারে ইতোমধ্যে ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে সোনা। গত ১৫ জানুয়ারি থেকে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকায়। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ২৪ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৯১ হাজার ৯৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকায় বিক্রি হচ্ছে বর্তমানে।
অন্যদিকে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি রুপা বর্তমানে বিক্রি হচ্ছে ৫ হাজার ৯৪৯ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৮৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৬৭৪ টাকায় বিক্রি হচ্ছে।
বিশ্ববাজারে সোনা ও রুপার দামে নতুন করে যে ঊর্ধ্বগতি দেখা গেছে, তার প্রভাব দেশের বাজারেও পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে বাংলাদেশেও সোনা-রুপার দামে নতুন আরেকটি রেকর্ড সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।