প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৫:১৫ পিএম (ভিজিট : ১৬৯)

X
দিনাজপুরের বিরামপুরে প্যান্টের পকেট থেকে নেশা জাতীয় ১৫০পিস ট্যাপেন্ডাটল বড়িসহ জোবায়ের সরকার (২৬) নামের এক যুবককে আটক করেছে দিনাজপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি'র) একটি দল।
দিনাজপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি'র) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন নিশ্চিত করে বলেন, রোববার বিকেল ৪টার দিকে বিরামপুর পৌরশহরের পুরাতন বাজার এলাকায় প্যান্টের পকেটে নেশা জাতীয় ১৫০ পিস ট্যাপেন্ডাটল বড়িসহ জোবায়ের সরকার নামে ওই যুবককে আটক করা হয়েছে।
আটক জোবায়ের সরকার বিরামপুর পৌরশহরের ঘাটপাড় এলাকার এনামুল হকের ছেলে বলে তিনি জানিয়েছেন।
আটকের পর ওইদিন রাতে জোবায়ের সরকারের বিরুদ্ধে থানায় একটি মামলা হলে সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার দুপুরে পুলিশ তাঁকে দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল রোববার বিকেলে বিরামপুর পৌরশহরের পুরাতন বাজার এলাকায় গোপনে মাদক কেনাদবেচা হচ্ছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি'র) উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামালের নেতৃত্বে একটি দল ওই এলাকায় একটি গুদামের সামনে অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে জোবায়ের সরকার সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁকে পুলিশ আটক করেন। এ সময় আটক যুবকের দেহ তল্লাশি করে পরনের প্যান্টের ডান পকেট থেকে দেড়শো পিস নেশাজাতীয় ট্যাপেন্ডাটল বড়ি উদ্ধার করে।
এ বিষয়ে বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, গোয়েন্দা শাখার অভিযানে মাদকসহ আটক জোবায়ের সরকারের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার দুপুরে দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।।