প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৪:০৬ পিএম (ভিজিট : ২৯৭)

X
দীর্ঘ প্রায় ২১ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামে আগমন উপলক্ষে দলীয় প্রস্তুতি ও সার্বিক আয়োজন নিয়ে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) রাতে চট্টগ্রাম নগরের মেহেদীবাগ এলাকায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসভবনে এ সভার আয়োজন করা হয়।
সভায় চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এতে অংশ নেন চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী সাঈদ আল নোমান, চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-৫ আসনের প্রার্থী মীর হেলাল, চট্টগ্রাম-১৪ আসনের প্রার্থী জসীম উদ্দীন, চট্টগ্রাম-১৫ আসনের প্রার্থী নাজমুল মোস্তফা আমীন, চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী আসলাম চৌধুরী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেনসহ বিএনপির অসংখ্য সিনিয়র নেতাকর্মীরা।
সভায় বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, তারেক রহমান আগামী ২৫ জানুয়ারি বীর চট্টগ্রামে নির্বাচনী সফরে আসবেন। তিনি ২৪ জানুয়ারি রাতে চট্টগ্রামে এসে অবস্থান করবেন এবং পরদিন ২৫ জানুয়ারি সকাল ১১টায় নগরীর ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে জনসভায় বক্তব্য রাখবেন। তার আগমনকে কেন্দ্র করে চট্টগ্রামের জনগণ গভীর আগ্রহ ও অপেক্ষায় রয়েছেন।
তিনি আরও বলেন, তারেক রহমান বাংলাদেশে ফিরে আসার দিন থেকেই মানুষের মধ্যে যে অভূতপূর্ব সাড়া ও উৎসাহ দেখা গেছে, তা প্রতিটি জায়গায় স্পষ্ট হয়ে উঠছে। চট্টগ্রামেও আমরা ইতিমধ্যে সেই গণজোয়ার লক্ষ্য করছি। তাই আমরা চাই সকলের সহযোগিতায় একটি আনন্দঘন, উৎসবমুখর পরিবেশে এই জনসভা আয়োজন করতে। এটি কেবল একটি রাজনৈতিক সমাবেশ নয়, চট্টগ্রামের সর্বস্তরের জনগণের মিলনমেলায় পরিণত হবে বলে আমরা বিশ্বাস করি।
সবশেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের আপামর জনগণসহ দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই ঐতিহাসিক কর্মসূচিকে সফল করতে আমরা সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, প্রায় ২০ বছর ৭ মাস পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ জানুয়ারি চট্টগ্রাম সফরে আসছেন। সর্বশেষ তিনি ২০০৫ সালের ৬ মে চট্টগ্রাম সফর করেছিলেন। দীর্ঘ বিরতির পর তার এই সফরকে ঘিরে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।