
X
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনের প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা রিটার্নিং অফিসারের আয়োজনে প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ডা. মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।
প্রতীক বরাদ্দে বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর পেয়েছেন দলীয় ‘ট্রাক’ প্রতীক। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বহিষ্কৃত নেতা ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন পেয়েছেন ‘ঘোড়া’ প্রতীক।
এ ছাড়া— জামায়াতে ইসলামী মনোনীত ও ১০-দলীয় জোট প্রার্থী অধ্যাপক মু. শাহ আলম পেয়েছেন ‘দাঁড়িপাল্লা’, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিক পেয়েছেন ‘হাতপাখা’ প্রতীক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পটুয়াখালীর পুলিশ সুপার মো. আবু ইউসুফ (বিপিএম-সেবা), অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল রানা, মোহাম্মদ তারেক হাত্তলাদার, মাসুদ উল আলম, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সীসহ বিভিন্ন উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তারা।
রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের উদ্দেশে বলেন, প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করা যাবে। তবে সবাইকে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে হবে এবং উসকানিমূলক বক্তব্য ও আচরণ থেকে বিরত থাকতে হবে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে পৃথক ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হবে।
আসনের সার্বিক তথ্য
পটুয়াখালী-৩ আসনে গলাচিপা ও দশমিনা—এই দুই উপজেলা, একটি পৌরসভা ও ১৯টি ইউনিয়ন রয়েছে। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৮৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৯ হাজার ২০ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৬ হাজার ৮৪৮ জন। মোট ভোটকেন্দ্র ১২৪টি—গলাচিপায় ৮০টি ও দশমিনায় ৪৪টি।
নদী ও চরবেষ্টিত এলাকা হওয়ায় চরবিশ্বাস, চরখালী, বকুলবাড়িয়া, আলীপুরা, বাঁশবাড়িয়া ও রণগোপালদী এলাকায় কুয়াশা, নৌযাননির্ভর যোগাযোগ এবং দুর্বল ইন্টারনেট সংযোগ ভোট পরিচালনায় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে। এসব এলাকায় সময়মতো ভোট সামগ্রী পৌঁছানো ও নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে পটুয়াখালী-৩ আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা শুরু হলো।