প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১০:৫২ এএম (ভিজিট : ৩৪)

X
প্রতিবছরের মতো শীত মৌসুমে রাজধানী ঢাকায় বায়ুদূষণের মাত্রা বেড়েছে। শুষ্ক আবহাওয়ার কারণে এ মেগাসিটিতে প্রায়ই বায়ুমান অস্বাস্থ্যকর অবস্থায় থাকে। গতদিনের তুলনায় আজ ঢাকার বাতাসে দূষণের মাত্রা আরও কিছুটা বেড়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২৮৬ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। এর আগের দিন শুক্রবার ঢাকার স্কোর ছিল ২৬৭। দুই দিনের স্কোরই ‘খুব অস্বাস্থ্যকর’ শ্রেণিভুক্ত।
দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে মিশরের রাজধানী কায়রো। শহরটির একিউআই স্কোর ২৯৬, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। ভারতের কলকাতা ২৩৬ স্কোর নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে, শহরটির বায়ুমানও খুব অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
এছাড়া, ১৮৩ স্কোর নিয়ে চতুর্থ স্থানে নেপালের কাঠমন্ডু, ১৮০ স্কোর নিয়ে পঞ্চম স্থানে বসনিয়ার সারাজেভো, ১৭২ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে চীনের উহান, ১৮৭ স্কোর নিয়ে সপ্তম স্থানে ক্রোয়েশিয়ার জাগরেব, ১৬৪ স্কোর নিয়ে অষ্টম স্থানে মিয়ানমারের ইয়াঙ্গুন, একই স্কোরে নবম স্থানে চীনের সাংহাই এবং ১৬১ স্কোর নিয়ে দশম স্থানে রয়েছে ভিয়েতনামের হো চি মিন সিটি। এসব শহরের বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হচ্ছে।
একিউআই বা বায়ুমান সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোরকে ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ স্কোর হলে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
বিশেষজ্ঞরা জানান, একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়। এছাড়া ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে।