প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৬:৫৫ পিএম আপডেট: ২৪.০১.২০২৬ ৬:৫৮ পিএম (ভিজিট : ৪৪)

X
মানুষের মধ্যে ভোট দেয়ার আকাঙ্খা আছে। দীর্ঘ ১৭ বছর পর একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করেছে অন্তবর্তীকালীন সরকার। এটি অবাধ ও সুষ্ঠুভাবে করার জন্য বদ্ধপরিকর।
শনিবার দুপুরে মাদারীপুর সার্কিট হাউস-এ সাংবাদিকদের সাথে আলাপকালে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এ কথা বলেন।
আইন উপদেষ্টা আরো বলেন, জেল প্রশাসন ও পুলিশ বিভাগ প্রস্তুত আছে। বাংলাদেশ স্বাধীন হবার পর গুরুত্বপূর্ণ নির্বাচন এটি। এই নির্বাচনে দুটি বৈশিষ্ট্য আছে, পোস্টাল ব্যালটে ভোট হচ্ছে। প্রবাসীরাও প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। গণভোটও হচ্ছে। বাংলাদেশের গণতন্ত্র, আইনের শাসন সুশক্ত হোক। অনেক বেশি দৃঢ়তর হোক এজন্য হ্যাঁ ভোট দেয়া জরুরি।
এ সময় মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোকনুজ্জামান, মাদারীপুরের জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মো. এহতেশামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আল নোমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাবসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইন উপদেষ্টার সফরের বিষয়টি জেলার সাংবাদিকদের না জানানোর কারনে অনেক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা বলছেন আইন উপদেষ্টা স্যার মাদারীপুরে আসার খবর হঠাৎ করে রাতে আমাদের জানিয়েছেন।
এ বিষয়ে মাদারীপুরের জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম বলেন, আইন উপদেষ্টা স্যার মাদারীপুরে আসার খবর হঠাৎ করে রাতে আমাদের জানানো হয়। আমরাও তাৎক্ষণিক ভাবে প্রস্তুতি নেই। সময়ের স্বল্পতার কারনে কোন সাংবাদিককে আমরা জানাতে পারি নাই। বিগত সময় যখন কোন উপদেষ্টা মহোদয় মাদারীপুরে আসছিল তখন তো আমরা সাংবাদিকদের জানিয়েছি।