প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১০:৩০ এএম আপডেট: ২৫.০১.২০২৬ ১১:০৪ এএম (ভিজিট : ৭৪)

X
দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন সাকিব আল হাসান। জাতীয় দলে তার ফেরা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে সেই সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর বিষয়টি এখনো বিবেচনায় রয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিসিবির সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।
জাতীয় দলে ফেরানোর পাশাপাশি সাকিবকে কেন্দ্রীয় চুক্তিতেও ফেরানোর বিষয়টি আলোচনায় এসেছে। বিসিবি সূত্রে জানা গেছে, আসন্ন মৌসুমে বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে মোট ২৭ জন ক্রিকেটার অন্তর্ভুক্ত করা হবে।
সাকিব আল হাসান প্রসঙ্গে আমজাদ হোসেন বলেন, “বোর্ডে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে—সাকিব যদি অ্যাভেইলেবল থাকেন, ফিটনেস বজায় থাকে এবং ভেন্যুতে উপস্থিত থাকার মতো পরিস্থিতি তৈরি হয়, তাহলে বোর্ড কিংবা নির্বাচক প্যানেল তাকে দলে নেওয়ার জন্য বিবেচনা করবে।”
ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ক্ষেত্রেও সাকিব আল হাসানকে সহায়তা করবে বিসিবি। আমজাদ হোসেন বলেন, “সাকিব অন্যান্য বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নিতে পারবে। প্রয়োজন অনুযায়ী বোর্ড তাকে অনাপত্তিপত্র (এনওসি) দেবে। হোম ও অ্যাওয়ে—উভয় সিরিজের জন্যই তাকে নির্বাচক প্যানেলে বিবেচনায় রাখা হবে।”
উল্লেখ্য, বিগত সরকারের আমলে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান। ২০২৪ সালের জুলাইয়ের রাজনৈতিক পটপরিবর্তনের পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে, সাকিবের বিরুদ্ধে থাকা আইনি বিষয়গুলো বিসিবির পক্ষ থেকে প্রয়োজন অনুযায়ী মোকাবিলা করা হবে।
জাতীয় দলের হয়ে সাকিব আল হাসান সর্বশেষ ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে কানপুরে একটি টেস্ট ম্যাচ খেলেছিলেন। রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর তিনি আর দেশে ফিরতে পারেননি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্ট খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত সেই ম্যাচে অংশ নেওয়া হয়নি তার।