সরকারের ছয়টি প্রতিষ্ঠানকে একীভূত করার সিদ্ধান্ত

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

অর্থ-বানিজ্য

ব্যবসা ও বিনিয়োগ খাতের কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকর করতে দেশের ছয়টি সরকারি প্রতিষ্ঠান একীভূত করার নীতিগত সিদ্ধান্ত

2026-01-27T10:15:56+00:00
2026-01-27T11:21:08+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ব্যবসা ও বিনিয়োগ খাত
সরকারের ছয়টি প্রতিষ্ঠানকে একীভূত করার সিদ্ধান্ত
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১০:১৫ এএম  আপডেট: ২৭.০১.২০২৬ ১১:২১ এএম  (ভিজিট : ১৫৫)
X

ব্যবসা ও বিনিয়োগ খাতের কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকর করতে দেশের ছয়টি সরকারি প্রতিষ্ঠান একীভূত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান। 

একীভূতকরণের আওতায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা), বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।

সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। তিনি জানান, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) চতুর্থ গভর্নিং বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় প্রধান উপদেষ্টা ও গভর্নিং বোর্ডের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন।

সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, দেশে বর্তমানে একাধিক ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি কার্যক্রম পরিচালনা করছে। ছয়টি সংস্থাকে একীভূত করার একটি প্রস্তাব আগের গভর্নিং বোর্ড সভায় উপস্থাপন করা হয়েছিল। পরে এ বিষয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়, যেখানে উপদেষ্টাদের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অ্যাটর্নি জেনারেলসহ সংশ্লিষ্টরা ছিলেন। কমিটির সুপারিশের ভিত্তিতেই নীতিগতভাবে একীভূতকরণে সম্মতি দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, একীভূতকরণের সিদ্ধান্তটি আপাতত নীতিগত পর্যায়ে রয়েছে এবং ভবিষ্যতে গঠিত সরকার এটি বাস্তবায়ন করবে। একীভূতকরণ প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে, সে বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হিসেবে একটি স্বাধীন তৃতীয় পক্ষের কনসালট্যান্ট নিয়োগের কথা বলা হয়েছে। ওই কনসালট্যান্ট নতুন সংগঠন কাঠামো তৈরি করবেন, যাতে ছয়টি সংস্থার কেউই আলাদাভাবে কোনো অতিরিক্ত সুবিধা বা বিশেষ আচরণ না পায়।

চৌধুরী আশিক বিন হারুন বলেন, সরকারের দৃষ্টিভঙ্গি হলো ভবিষ্যতে এসব সংস্থা একীভূত হয়ে একটি একক এজেন্সিতে রূপ নেবে। এর মাধ্যমে বিনিয়োগ ব্যবস্থাপনা সহজ হবে, সিদ্ধান্ত গ্রহণের গতি বাড়বে এবং বিনিয়োগকারীদের জন্য একটি সমন্বিত ও কার্যকর কাঠামো গড়ে উঠবে।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy