প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১১:৩৫ এএম আপডেট: ২৮.০১.২০২৬ ১১:৪০ এএম (ভিজিট : ৮৩)

X
বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে ভারত।
আজ বুধবার (২৮ জানুয়ারি) ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানানো হবে। ঢাকার ভারতীয় হাইকমিশনের একটি নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
রাজ্যসভার অধিবেশনের শুরুতেই বাংলাদেশের এই শীর্ষ নেত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তাঁর রাজনৈতিক অবদানের কথা স্মরণ করা হবে। সচিবালয় প্রকাশিত দিনের কার্যসূচি অনুযায়ী, অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতির ভাষণের ঠিক আধঘণ্টা পর শোক প্রস্তাব উত্থাপন করা হবে।
ভারতের রাজ্যসভার মহাসচিব পি. সি. মোদী স্বাক্ষরিত কার্যসূচিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার নাম বিশেষভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁর সঙ্গে রাজ্যসভার সাবেক সদস্য শ্রী এল. গণেশন ও শ্রী সুরেশ কালমাদির প্রতিও শ্রদ্ধা জানানো হবে। নিয়ম অনুযায়ী, শোক প্রস্তাব পাঠ শেষে তাঁর সম্মানে দাঁড়িয়ে নীরবতা পালন করবেন ভারতের সংসদ সদস্যরা।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিশ্বনেতারা গভীর শোক প্রকাশ করেছিলেন। ভারতের উচ্চকক্ষে এই শ্রদ্ধা নিবেদনকে বাংলাদেশের একজন শীর্ষ নেত্রীর প্রতি দিল্লির বিশেষ সম্মান হিসেবে দেখা হচ্ছে।