প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৭:৫১ পিএম (ভিজিট : ৬৫)

X
নির্বাচনি কাজে আওয়ামী লীগের ‘দোসর’ বলতে কিছু নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেছেন, “নির্বাচনের কাজের সঙ্গে যারা জড়িত, এখানে আওয়ামী লীগের দোসর বলতে কিছু নেই, এখানে সবাই নির্বাচনের জন্য প্রস্তুত। সবাই খুব ভালো ও সৎ অফিসার।”
আজ বুধবার বিকালে সিলেট নগরের সুবিদবাজার এলাকায় পিটিআই মিলনায়তনে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬’ সুষ্ঠুভাবে সম্পাদন নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
সিলেটে নির্বাচনি প্রস্তুতির প্রশংসা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমাদের যে প্রত্যাশা ছিল তার থেকে অনেক অনেক ভালো। এবার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটা সেন্টারে সুরক্ষায় সিসি ক্যামেরা থাকবে।
“ড্রোন থাকবে তবে সেটি সব কেন্দ্রে থাকবে না, বডি ক্যামেরা ও ডগ স্কোয়াডও থাকবে। আমরা এবার সব রকমের প্রস্তুতি নিয়ে রেখেছি। অন্যান্য নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনের প্রস্তুতি অনেক ভালো।”
নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে কিংবা বিপক্ষে যাবেন না, নির্বাচন কমিশনের এমন নির্দেশ নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো মন্তব্য করতে রাজি হননি।