প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৯:২৪ পিএম (ভিজিট : ১৮৪)

X
গোপালগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি মুকসুদপুর কলেজে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে কলেজ প্রাঙ্গনে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। খেলাধুলাকে ঘিরে কলেজ ক্যাম্পাসে উৎসবের আমেজ বিরাজ করে।
ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক মোহাম্মদ মাহবুব হাসান বাবরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান বলেন, শিক্ষার্থীদের সুষম বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রীড়াচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং দলগত কাজের মানসিকতা গড়ে ওঠে। তিনি আরও বলেন, সুস্থ ও মানবিক জাতি গঠনে ক্রীড়াচর্চার বিকল্প নেই।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মেধা বিকাশের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জনে সহশিক্ষা কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করা প্রয়োজন।
হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ সুলাইমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান। এছাড়া উপস্থিত ছিলেন একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব প্রভাষক ডক্টর কবির উদ্দিন আহমেদ, শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম রাজু, ভূগোল বিভাগের প্রভাষক মোঃ আশরাফুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান।
অনুষ্ঠানে মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।