প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৬:০৩ পিএম (ভিজিট : ১৭১)

X
শেরপুর জেলা শহরের একটি ভাড়া বাসা থেকে শাহিনুল ইসলাম (৪০) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি শেরপুর সদর থানায় এএসআই (নিরস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন।
গত রাত ১১টার দিকে শহরের গৃর্দা নারায়ণপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহিনুল ইসলামের বিপি নম্বর-৮৫০৫১০৪০০৪। তিনি জামালপুর সদর উপজেলার টেবিরচর গ্রামের মৃত শামছুল হকের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে ডিউটি শেষ করে সকাল সাড়ে ৮টার দিকে বাসায় ফেরেন শাহিনুল ইসলাম। বেলা ১১টার দিকে তার স্ত্রী মাকসুদা পারভীন সন্তানকে সঙ্গে নিয়ে জামালপুরের নান্দিনা এলাকায় বাবার বাড়িতে চলে যান। দুপুর ২টার দিকে স্ত্রী শাহিনুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।
এরপর একাধিকবার ফোন করা হলেও কোনো সাড়া না পেয়ে রাতে স্ত্রী ও তার ভাই জামালপুর থেকে শেরপুরের ভাড়া বাসায় ফিরে আসেন। রাত ১১টার দিকে বাসায় পৌঁছে তারা দেখেন, প্রধান দরজাটি ভেতর থেকে বন্ধ। পরে পেছনের জানালা দিয়ে ভেতরে উঁকি দিলে জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় শাহিনুল ইসলামকে ঝুলতে দেখেন। এরপর ভেতরে প্রবেশ করে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শেরপুর সদর থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।