প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৯:০০ পিএম (ভিজিট : ২৩০)

X
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ময়মনসিংহ-২ (ফুলপুর–তারাকান্দা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোতাহার হোসেন তালুকদারের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব।
আজ শুক্রবার (৩০ জানুয়ারি) ফুলপুর উপজেলার গোল চত্বর মোড়ে আয়োজিত নির্বাচনী প্রচারণা শেষে দেওয়া বক্তব্যে ছাত্রদল সভাপতি বলেন, “বাংলার আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের আমলে নির্যাতনের শিকার হয়েও ছাত্রদলের কোনো নেতাকর্মী নিজের পরিচয় গোপন করেনি।”
তিনি আরও বলেন, “একটি দল আছে যারা মোনাফেক। গত সাড়ে ১৫ বছর যাদের দেখা যায়নি, আজ তারা এসে কথা শোনাতে চায়, ইসলাম কায়েমের কথা বলে–এটাই তাদের ভণ্ডামি। বিএনপি বিজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। এখন মোতাহার হোসেন তালুকদারের পাশে দাঁড়ানোর সময়। নেতা-কর্মীরা নিজ নিজ পাড়া-মহল্লায় ছড়িয়ে পড়ুন।”
ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, জুলুম-নির্যাতনের শিকার হয়েও মোতাহার হোসেন তালুকদার তারাকান্দার মানুষের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন–এই বার্তাটি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।
এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও জনকল্যাণমূলক কর্মপরিকল্পনা তুলে ধরার আহ্বান জানান। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে তারেক রহমানের পরিকল্পনার পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডসহ জনবান্ধব উদ্যোগগুলোর বিষয় ভোটারদের জানাতে নেতা-কর্মীদের প্রতি অনুরোধ করেন।
পরে তিনি তারাকান্দা উপজেলায় ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও মিছিলে অংশ নেন। এ সময় স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।