প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৮ পিএম (ভিজিট : ১৪১)

X
চলতি অর্থবছরে যুক্তরাষ্ট্র প্রায় ৬৫ হাজার অতিরিক্ত ‘এইচ-২বি’ ভিসা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। দেশীয় শ্রমিক সংকটের কারণে গুরুতর আর্থিক ক্ষতির মুখে পড়া নিয়োগকর্তাদের সহায়তা করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারে শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশিত নোটিশে বলা হয়েছে, এই অতিরিক্ত ভিসার ফলে প্রতি বছরে প্রদত্ত ৬৬ হাজার মৌসুমি ভিসার সংখ্যা প্রায় দ্বিগুণ হবে। নির্মাণ, হোটেল-রেস্তোরাঁ, ল্যান্ডস্কেপিং ও সি-ফুড প্রক্রিয়াজাতকরণ খাতের মতো শ্রমনির্ভর শিল্পগুলো এতে সবচেয়ে বেশি উপকৃত হবে।
মৌসুমি শিল্পের মালিকরা দীর্ঘদিন ধরেই অতিরিক্ত ভিসার দাবি জানিয়ে আসছিলেন, বিশেষ করে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির কারণে শ্রমিক সংকট প্রকট আকার ধারণ করেছিল। তবে অভিবাসী কমানোর পক্ষে থাকা গোষ্ঠীগুলো এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে, তারা মনে করছে, অতিরিক্ত ভিসা স্থানীয় শ্রমিকদের মজুরি কমিয়ে দিতে পারে।
ফেডারেল রেজিস্টার জানিয়েছে, অতিরিক্ত ‘এইচ-২বি’ ভিসা কার্যকর করার অস্থায়ী বিধি আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।