প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৯ পিএম (ভিজিট : ১১২)

X
রাঙ্গামাটির নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেঙ্গল) এর উদ্যোগে নানিয়ারচর উপজেলার পাহাড়ি অঞ্চলে বসবাসরত শীতার্ত জনগণের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। তীব্র শীতের কষ্ট লাঘবের লক্ষ্যে নানিয়ারচর জোন সদরে এ বিনামূল্যের শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর জোন কমান্ডার বিএ-৭৯০০ লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, পিএসসি। এ সময় ১৮ জন পাহাড়ি ও ১৪ জন বাঙালি সুবিধাভোগীর মাঝে শীতবস্ত্র সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এ বিষয়ে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, পিএসসি বলেন, পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নানিয়ারচর উপজেলার স্থানীয় জনগণ সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে শীতার্ত মানুষের মাঝে নিয়মিত শীতবস্ত্র বিতরণসহ এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য জোন কমান্ডারের নিকট আবেদন জানান।
বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন কর্তৃক এ অঞ্চলের জনসাধারণের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।