
X
লিওনেল মেসি
চমকপ্রদ এক দলবদলের ইঙ্গিত দিয়েছেন লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নিজেকে ফিট ও প্রতিযোগিতামূলক রাখতে স্বল্পমেয়াদি চুক্তিতে ইউরোপে ফেরার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন আর্জেন্টাইন মহাতারকা। আর সেই সুযোগ কাজে লাগাতে চায় তুরস্কের ঐতিহ্যবাহী ক্লাব গালাতাসারাই।
তুরস্কের খ্যাতনামা ফুটবল বিশ্লেষক লেভেন্ট তুজেমান দাবি করেছেন, গালাতাসারাই ও মেসির মধ্যে ইতোমধ্যেই আলোচনা হয়েছে। তার দাবি অনুযায়ী, চার মাসের চুক্তিতে ১২টি ম্যাচ খেলতে রাজি হয়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী, তবে একটি ব্যতিক্রমী শর্ত জুড়ে দিয়েছেন তিনি শুধু ঘরের মাঠেই খেলবেন, কোনো অ্যাওয়ে ম্যাচে অংশ নেবেন না।
সব ম্যাচই হবে ইস্তাম্বুলের র্যামস পার্কে। তুজেমানের মতে, নিরাপত্তা ও শারীরিক ঝুঁকি এড়াতেই এমন শর্ত দিয়েছেন মেসি। যদিও শর্তটি অস্বাভাবিক মনে হতে পারে, তবে তুরস্কে মেসির উপস্থিতি যে নজিরবিহীন উন্মাদনা সৃষ্টি করবে, তা বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত।
কায়সারিসপোরের বিপক্ষে গালাতাসারাইয়ের ৪-০ গোলের জয়ের পর ‘এ স্পোর’এর লাইভ অনুষ্ঠানে এই বিস্ফোরক দাবি করেন তুজেমান। তিনি বলেন, বিশ্বকাপের আগে আরও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ পাওয়াই এই সম্ভাব্য ট্রান্সফারের মূল কারণ।
তুজেমানের ভাষ্য, ম্যানেজমেন্ট বিষয়টি নিশ্চিত করেছে। তারা যুক্তরাষ্ট্র থেকে মেসিকে আনার চেষ্টা করেছিল। মেসি জানিয়েছেন, আমেরিকান লিগের ম্যাচের গতি এখন তার জন্য খুব বেশি হয়ে যাচ্ছে এবং তিনি চোট নিয়ে বিশ্বকাপে যেতে চান না।
তিনি আরও জানান, সৌদি প্রো লিগের আল-হিলাল থেকেও প্রস্তাব পেয়েছিলেন মেসি, তবে সেটি প্রত্যাখ্যান করেছেন। তুজেমানের মন্তব্য, ‘মেসি এলে ইস্তাম্বুলের বিমানবন্দরে এক মিলিয়ন মানুষ হাজির হবে। তিনি পরিষ্কার করে বলেছেন ইস্তাম্বুলে খেলবেন, তবে শুধু হোম ম্যাচে।’
যদিও মেসি কেবল ঘরের মাঠের ম্যাচ খেলতেই আগ্রহী, তবে গালাতাসারাই যদি তুর্কি কাপের ফাইনালে ওঠে, সেক্ষেত্রে ওই ম্যাচেও তার খেলার সম্ভাবনা রয়েছে।
এর আগে মেসি নিজেই জানিয়েছিলেন, ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য তিনি যেন ‘বোঝা’ হয়ে না যান। নতুন এমএলএস মৌসুম বসন্তে শুরু হওয়ায় বিশ্বকাপের আগে পর্যাপ্ত কঠিন চ্যালেঞ্জ না পাওয়ার আশঙ্কাও প্রকাশ করেছিলেন তিনি।
এ বিষয়ে সাবেক ফুটবলার টেরি ফেলান বলেন,‘মেসির যদি বিশ্বকাপের ক্ষুধা থেকে থাকে, তাহলে তাকে এমন জায়গায় খেলতে হবে যেখানে সে নিজেকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে। এখন তার জন্য সবকিছু খুব সহজ পরিসংখ্যান দেখলে মনে হয়, এটা যেন প্লেস্টেশন খেলার মতো। এটা স্বাস্থ্যকর নয়।’
এখনও পর্যন্ত লিওনেল মেসি ২০২৬ বিশ্বকাপে খেলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি। তবে ধারণা করা হচ্ছে, কোচ লিওনেল স্কালোনির ডাকে সাড়া দিয়ে তিনি আর্জেন্টিনার অধিনায়ক হিসেবেই টুর্নামেন্টে নামবেন। সে ক্ষেত্রে আন্তর্জাতিক ফুটবলে তার ম্যাচ সংখ্যা ২০০ ছাড়িয়ে যাবে।