প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৬ পিএম (ভিজিট : ১২১)

X
প্রেমিকা রোশনি সূর্যবংশী ও নিহত প্রেমিক কমতা প্রসাদ সূর্যবংশী
প্রেমিকার কল ও মেসেজ ব্লক করে দেওয়াকে কেন্দ্র করে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। ভারতের ছত্তিশগড় রাজ্যে ঘটে যাওয়া এই ঘটনায় অভিযুক্ত তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার পেছনে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করে দেওয়াই প্রধান কারণ বলে জানিয়েছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে কল ও মেসেজ ব্লক করে দেওয়াকে কেন্দ্র করে প্রেমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত যুবকের নাম কমতা প্রসাদ সূর্যবংশী (২৫)। তিনি ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় একটি হোটেলে কাজ করতেন।
পুলিশ জানায়, ছয় মাস আগে ইনস্টাগ্রামে রোশনি সূর্যবংশী (২২) নামের এক তরুণীর সঙ্গে তার পরিচয় হয় এবং পরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত দুই-তিন দিন ধরে তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্কজনিত বিরোধ তৈরি হয়।
প্রেমিক কমতা প্রসাদ হঠাৎ রোশনির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন এবং তার নম্বর ও মেসেজ ব্লক করে দেন। এতে ওই তরুণী ক্ষুব্ধ হয় এবং কমতা অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এমন সন্দেহে রোশনি একটি ছুরি নিয়ে তার বাড়িতে যান। দরজা খোলার পর রোশনি কমতার কাছে তার মোবাইল ফোন দাবি করেন। কমতা ফোন দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে রোশনি কমতার বুকে ছুরি দিয়ে আঘাত করেন। ঘরের ভেতরের হৈচৈ শুনে কমতার রুমমেট বাইরে এসে তাকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও পথেই তার মৃত্যু হয়।
স্থানীয় পুলিশ কর্মকর্তা সুম্মত সাহু জানান, অভিযুক্ত তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। তিনি জানান, অভিযুক্ত তরুণী ছুরি নিয়ে ভুক্তভোগীর কক্ষে যান এবং তাকে তার ফোন দিতে বলেন। একপর্যায়ে ধস্তাধস্তির সময় তিনি বুকে ছুরিকাঘাত করেন এবং তাৎক্ষণিকভাবে যুবক মারা যান।