প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৭ এএম (ভিজিট : ১৪০)

X
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই মাটির নিচে অবস্থিত নিজেদের নতুন একটি মিসাইল ঘাঁটি উন্মোচন করেছে ইরান। দেশটির চৌকস ইসলামিক বিপ্লবী গার্ড বুধবার (৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে।
ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহমান মৌসাভি এবং ইসলামিক বিপ্লবী গার্ডের এরোস্পেস বিভাগের প্রধান সায়েদ মাজেদ মৌসাভির উপস্থিতিতে ঘাঁটিটির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। এ সময় সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বিপ্লবী গার্ডের মিসাইল সক্ষমতা, প্রস্তুতি ও পরিচালনাগত অবস্থান সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি অন্যান্য কমান্ডারদেরও বিষয়টি অবহিত করা হয়।
ঘাঁটি পরিদর্শন শেষে সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহমান মৌসাভি বলেন, শত্রুদের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা সম্পূর্ণ প্রস্তুত। গত বছরের জুনে ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর আমরা আমাদের সামরিক রণকৌশলে পরিবর্তন এনেছি। বর্তমানে আমরা প্রতিরক্ষামূলক অবস্থান থেকে আক্রমণাত্মক কৌশলে অগ্রসর হয়েছি।
তিনি আরও বলেন, নতুন কৌশলের আওতায় দ্রুত সময়ের মধ্যে বৃহৎ পরিসরে অভিযান পরিচালনা, অসম যুদ্ধ কৌশল প্রয়োগ এবং প্রতিপক্ষের সামরিক পরিকল্পনা ভেঙে দেওয়ার সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র সাম্প্রতিক দিনগুলোতে ইরানের আশপাশের অঞ্চলে যুদ্ধজাহাজসহ ব্যাপক সামরিক উপস্থিতি জোরদার করেছে। এমন পরিস্থিতিতে দুই দেশ আলোচনায় বসার সিদ্ধান্ত নিলেও, আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে এমন আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায়, তাহলে এর প্রভাব শুধু ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং পুরো অঞ্চলে একটি বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে।