জানা গেছে, জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং এ ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে। সংঘর্ষের একপর্যায়ে সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন বলে দাবি করা হয়।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আবদুল্লাহ আল জাবেরের ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে জানানো হয়, ‘শতাধিক আন্দোলনকারী আহত হয়েছেন এবং জাবের গুলিবিদ্ধ হয়েছেন।’ একই সঙ্গে পরিস্থিতি শান্তভাবে মোকাবিলার আহ্বান জানিয়ে বলা হয়, ‘আপাতত কোনো জমায়েত করবেন না। আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসব।’
ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজেও একই তথ্য জানানো হয়েছে। পোস্টে উল্লেখ করা হয়, ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় জাবের গুলিবিদ্ধ হন।
আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। এরপর জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়।