প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৭ পিএম (ভিজিট : ১৩৩)

X
ভুল রাজনীতি করার কারণে বিএনপি এখন ছোট দল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
আজ শুক্রবার পটুয়াখালী–২ (বাউফল) আসনে ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনি প্রচারণা উপলক্ষ্যে স্থানীয় পাবলিক মাঠে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
সাদিক কায়েম বলেন, বিএনপি এবং তাদের জোট গণভোটে শক্তিশালী ক্যাম্পেইন শুরু করতে পারেনি। তাদের নেতা আমাদের বড় ভাই বুকে পাথর চাপা কষ্ট নিয়ে একবার বলেছেন গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে। এরপর থেকে হ্যাঁ আবার না হতে গেছে। তাদের তৃণমূলে দেখতে পাই ইনিয়ে বিনিয়ে ‘না’ এর পক্ষে অবস্থান। তাদের যে বিশাল বিশাল ব্যানার হয়, মঞ্চ হয় তার কোথাও কোনায়ও দেখতে পাবেন না ‘হ্যাঁ’ এর পক্ষে ক্যাম্পেইন। আমরা অনুরোধ করবো আপনাদের এই ভুল পলিসির কারণে আপনারা ব্যর্থ হচ্ছেন।
তিনি বলেন, আপনাদের ভুলের কারণে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার যে বিএনপি এবং সমর্থকরা তারা এগারো দলীয় জোটের পক্ষে অবস্থান নিচ্ছে। ১১ দলীয় জোট ব্যাপক ব্যবধানে বিজয়ী হবে বিএনপি সমর্থকদের সমর্থন পেয়ে। এখনো সময় আছে আপনাদের যে সম্মান ও মর্যাদা ফিরিয়ে নিতে আপনারা গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে অবস্থান নিন। ভুল রাজনীতি কইরেন না। ভুল রাজনীতি করার কারণে যে বিএনপি এক সময় অনেক বড় দল ছিল সে বিএনপি এখন অনেক ছোট দল হয়ে গেছে।
সাদিক কায়েম বলেন, আমরা দেখেছি অনেক নেতা জুলাই আন্দোলনের দেড় বছর পর দেশে এসেছেন। তারা আজকে বিভিন্ন ধরনের ভুয়া কথাবার্তা বলছেন। তাদের এ ভুয়া কথাবার্তা আপনারা বিশ্বাস করবেন না। আমরা কাজের কথা বিশ্বাস করবো। যারা দেশ থেকে মুচলেকা দিয়ে পালিয়েছেন, তাদের বিশ্বাস করবো না।
এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন,আমরা আশা করছি বিএনপি এবং তারেক রহমান খুব দ্রুত সময়ের মধ্যে যতটুকু সময় আছে এর মধ্যে ‘হ্যাঁ’ এর পক্ষে অবস্থান নেবেন।