প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৬ এএম (ভিজিট : ৫৮)

X
মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের আমতৈল গ্রামে বিএনপির অস্থায়ী নির্বাচনী কার্যালয়ের পাশে বোমা সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা কার্যালয়ের পাশে লাল টেপ দিয়ে মোড়ানো সন্দেহজনক দুটি বস্তু পড়ে থাকতে দেখে গাংনী থানায় খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ দুটি বস্তু উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, পশ্চিম পাড়ার মফেজেলের ছেলে জগত আলীর চায়ের দোকানে অস্থায়ীভাবে বিএনপির কার্যালয় স্থাপন করা হয়েছে। এখানে নিয়মিতভাবে নেতাকর্মীরা নির্বাচনী প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন। ধারণা করা হচ্ছে, রাতে দুর্বৃত্তরা কার্যালয়ের পাশে বোমা সদৃশ দুটি বস্তু রেখে যায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, “খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। বোমা সদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়েছে। এগুলোর পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।”