প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৭ এএম (ভিজিট : ৮৭)

X
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে ঘোষিত অনির্দিষ্টকালের ধর্মঘট সাময়িকভাবে স্থগিত করেছে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’।
রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে ধর্মঘট স্থগিতের সিদ্ধান্তের কথা জানায় সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানকে সামনে রেখে পণ্য খালাস ও সরবরাহ স্বাভাবিক রাখার স্বার্থে সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট কর্মসূচি স্থগিত থাকবে। তবে এই সময়ের মধ্যে বন্দর কর্মচারীদের গ্রেপ্তার, হয়রানিমূলক বদলি, সাময়িক বরখাস্তসহ পাঁচটি দাবি সমাধান না হলে ১৬ ফেব্রুয়ারি থেকে পুনরায় কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি থেকে এনসিটি পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিলসহ চার দফা দাবিতে টানা ছয় দিন কর্মবিরতি পালন করেন বন্দর শ্রমিক-কর্মচারীরা। পরে শুক্রবার ও শনিবার কর্মসূচি সাময়িকভাবে স্থগিত ছিল।
এর মধ্যে ১৫ জন কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলে আন্দোলনকারীরা পুনরায় কর্মসূচিতে ফেরেন। দুই দিনের বিরতির পর রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে আবারও লাগাতার ধর্মঘটের ডাক দেওয়া হয়। এদিন বহির্নোঙরের কার্যক্রম বন্ধ থাকায় পুরো বন্দর কার্যত অচল হয়ে পড়ে।
আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে- এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে লিজ না দেওয়ার বিষয়ে সরকারের আনুষ্ঠানিক ঘোষণা, বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহার করে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ, আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে গৃহীত সব শাস্তিমূলক ব্যবস্থা বাতিল এবং ভবিষ্যতে কোনো আইনগত পদক্ষেপ না নেওয়ার নিশ্চয়তা।