প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৯ পিএম (ভিজিট : ৭৮)

X
সংগৃহীত ছবি
জাপানে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিশাল ব্যবধানে জয় পেতে যাচ্ছে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)। রোববার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনের প্রাথমিক ফলাফল ও বুথফেরত জরিপে এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয় স্থানীয় সময় সকাল ৮টায় (বাংলাদেশ সময় ভোর ৫টা) এবং চলে রাত ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে শুরু হয়েছে গণনা, যা শেষ হতে সারারাত লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এবারের নির্বাচনে জাপানের সংসদের নিম্নকক্ষের মোট ৪৬৫টি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ২৮৪ জন প্রার্থী। বুথফেরত জরিপ অনুযায়ী, ক্ষমতাসীন এলডিপি ২৭৪ থেকে ৩২৮টি আসনে জয় পেতে পারে। এতে দলটি একক সংখ্যাগরিষ্ঠতার চেয়ে অনেক বেশি আসন অর্জনের পথে রয়েছে।
নির্বাচনের আগে প্রধানমন্ত্রী সানাই তাকাইচির নেতৃত্বাধীন এলডিপির সংসদে আসন সংখ্যা ছিল ১৯৮টি। ধারণা করা হচ্ছে, এবারের নির্বাচনে দলটি কমপক্ষে ৩১০টি আসনে জয় পেতে পারে।
গত ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী সানাই তাকাইচি সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দেন এবং ৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করেন। তিনি জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত বছরের অক্টোবরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার সময় এলডিপির সংসদে সংখ্যাগরিষ্ঠতা ছিল খুবই সামান্য। সরকার পরিচালনায় শক্ত অবস্থান নিশ্চিত করতেই ক্ষমতা গ্রহণের পরপরই তিনি আগাম নির্বাচনের সিদ্ধান্ত নেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।
এই নির্বাচনে ক্ষমতাসীন এলডিপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছে জাপান ইনোভেশন পার্টি। তবে বিভিন্ন জরিপ ও প্রাথমিক ফলাফল বিশ্লেষণে দেখা যাচ্ছে, এলডিপিই আবারও সংসদের সর্বোচ্চ সংখ্যক আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই নির্বাচনের মাধ্যমে শুধু এলডিপির টানা ক্ষমতায় ফেরাই নয়, প্রধানমন্ত্রী সানাই তাকাইচির নেতৃত্ব ও রাজনৈতিক ভবিষ্যৎও কার্যত নিশ্চিত হয়ে গেছে।
সংসদের নিম্নকক্ষের ৪৬৫টি আসনের মধ্যে ২৮৯টি আসনে সরাসরি একক নির্বাচনি এলাকা থেকে প্রতিনিধি নির্বাচিত হন। বাকি ১৭৬টি আসন ১১টি আঞ্চলিক ব্লকের মাধ্যমে সমানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্ধারিত হয়।