প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৮ পিএম (ভিজিট : ৮৮)

X
ফাইল ছবি
রমজান শুরুতে ভিন্নতা থাকলেও শাওয়ালের চাঁদ ও ঈদ প্রায় একই দিনে হতে পারে। পবিত্র রমজান মাস শুরুর তারিখ নিয়ে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে মতভেদ দেখা দিলেও মাস শেষে পবিত্র শাওয়ালের চাঁদ দেখা এবং ঈদুল ফিতর উদযাপনের সময় অধিকাংশ মুসলিম দেশে প্রায় একই হতে পারে বলে জানিয়েছেন জ্যোতির্বিদরা।
আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ও এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, চলতি বছরে পবিত্র ঈদুল ফিতর শুরু হওয়ার সম্ভাব্য সময় ২০ মার্চের আশপাশে হতে পারে।
তার মতে, এ বছর রমজান শুরুর ক্ষেত্রে বিভিন্ন দেশে তারিখে ভিন্নতা দেখা দিতে পারে। খালি চোখে চাঁদ দেখার ওপর নির্ভরতা এবং জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের পার্থক্যের কারণে কোনো দেশে ১৮ ফেব্রুয়ারি এবং অন্য কোনো দেশে ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হতে পারে।
রোজার সময়সীমা
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, চলতি বছরে রোজার সর্বোচ্চ সময়সীমা হতে পারে প্রায় ১৩ ঘণ্টা ২৫ মিনিট।
এছাড়া ইফতারের সময়ের ক্ষেত্রেও অঞ্চলভেদে পার্থক্য দেখা যাবে। আমিরাতের খোরফাক্কান এলাকায় সবচেয়ে আগে ইফতার হবে, আর পশ্চিমাঞ্চলীয় আল সিলা এলাকায় সবচেয়ে দেরিতে ইফতার অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, রমজান শুরুর তারিখে ভিন্নতা থাকলেও মাস শেষে চাঁদের অবস্থান এমন হবে, যাতে অধিকাংশ মুসলিম দেশে একই সময়ে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়।