প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৩ এএম আপডেট: ১০.০২.২০২৬ ১০:৫৯ এএম (ভিজিট : ১৩৬)

X
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বড় বড় শহর ছাড়তে শুরু করেছেন সাধারণ মানুষ। ভোটাধিকার প্রয়োগের তাগিদে গ্রামে ফেরার এই ঢল অনেকটাই পবিত্র ঈদের সময়ের যাত্রার দৃশ্যকে মনে করিয়ে দিচ্ছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই রাজধানীর গাবতলী, সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল এবং কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। পরিবার-পরিজন নিয়ে গ্রামের পথে রওনা দিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বুধবার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের শেষ কর্মদিবস হলেও অনেকেই আগেভাগেই ছুটি নিয়ে বাড়ির পথে রওনা হয়েছেন। বাস টার্মিনালগুলোতে ঈদের সময়ের মতোই ব্যস্ততা লক্ষ্য করা গেছে। পরিবহন সংশ্লিষ্টরা জানান, আগামীকাল থেকে যাত্রীর চাপ আরও বাড়তে পারে। এরই মধ্যে অধিকাংশ রুটের আগাম টিকিট প্রায় শেষ হয়ে গেছে।
এদিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট সংগ্রহে দীর্ঘ সারি দেখা গেছে। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত অনেক ভোটার দুই থেকে তিন দিনের ছুটি নিয়ে সন্তানদের সঙ্গে গ্রামের উদ্দেশে যাত্রা করেছেন।
ভোট দিতে বাড়ি ফেরা অনেক যাত্রী বলেন, দীর্ঘ সময় পর উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় যাতায়াতের বাড়তি কষ্ট তারা আনন্দের সঙ্গেই মেনে নিচ্ছেন।