প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩০ পিএম (ভিজিট : ২১৩)

X
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম। তিনি নির্বাচনকালীন সময়ে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা বা গুজব প্রতিরোধে পুলিশের করণীয় বিষয়সমূহ বিস্তারিতভাবে তুলে ধরেন।
মো. শাহিনুল ইসলাম বলেন, একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত। তিনি রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি আইন নিজের হাতে না নেওয়া, শৃঙ্খলা বজায় রাখা এবং কোনো সন্দেহজনক বা অনাকাঙ্ক্ষিত ঘটনা দ্রুত পুলিশের দৃষ্টি আকর্ষণ করার আহ্বান জানান।
সভা শেষে উপস্থিত ব্যক্তিবর্গের সঙ্গে নির্বাচনসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতার মাধ্যমে মনোহরদীতে একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।