প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৮ পিএম (ভিজিট : ১২৭)

X
সংগৃহীত ছবি
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের ফলাফলের ভিত্তিতে গঠিত নতুন সরকারে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য ইতোমধ্যেই গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। প্রাথমিকভাবে সর্বোচ্চ ৪৫ জন মন্ত্রিসভার সদস্যের জন্য সরকারি যানবাহন ব্যবস্থা করা হচ্ছে।
মন্ত্রিপরিষদ বিভাগ ও সরকারি যানবাহন অধিদপ্তর সূত্রে জানা গেছে, ভিভিআইপি প্রটোকলের কারণে কয়েকটি অতিরিক্ত গাড়ি প্রস্তুত রাখা হচ্ছে। দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে বিকল্প ব্যবস্থা নেওয়ার জন্য মোট ৫০টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।
সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মো. খায়রুল কবীর মেনন বলেন, “মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। চূড়ান্ত সংখ্যা শপথ গ্রহণের দিন মন্ত্রিপরিষদ বিভাগ জানাবে। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব।”
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা যেসব গাড়ি ব্যবহার করছেন, সেগুলোসহ সরকারি যানবাহন অধিদপ্তরের মোট ৫০টি গাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করে প্রস্তুত রাখা হয়েছে। শপথ গ্রহণের দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের বাসা থেকে বঙ্গভবনে পৌঁছে দেওয়ার জন্য এই গাড়িগুলো ব্যবহার করা হবে।
নিয়ম অনুযায়ী, প্রথমে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। এরপর সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন এবং নতুন সরকার গঠন প্রক্রিয়া শুরু হবে। শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করবেন। মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ অনুষ্ঠানের পরিচালনা করবেন।