প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০০ পিএম (ভিজিট : ২৩)

X
ফাইল ছবি
চলমান আইসিসি টি২০ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের অবস্থান থেকে সরে এসেছে পাকিস্তান। পাকিস্তান সরকার সোমবার জাতীয় দলকে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি খেলতে শেষ পর্যন্ত নির্দেশ দিয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ম্যাচটি অনুষ্ঠিত হবে। আর এই তথ্য নিশ্চিত করেছে জিও নিউজ।
পাকিস্তানের লাহোরে গত রোববার আইসিসির প্রতিনিধি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পিসিবির মধ্যে হওয়া উচ্চপর্যায়ের বৈঠকের পর সেটির ফলাফল পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অবহিত করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি। তারপরই এই সিদ্ধান্ত নেন দেশটির প্রধানমন্ত্রী।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পাকিস্তান সরকারের এক বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে পিসিবিকে করা আনুষ্ঠানিক অনুরোধ এবং শ্রীলংকা, সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য সদস্য দেশের পক্ষ থেকে যোগাযোগ করার পর সেটি পর্যালোচনা করেছে পাকিস্তান সরকার।’
এর আগে শ্রীলংকার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা টেলিফোনে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অনুরোধ করেন, তারা যেন শ্রীলংকায় পাকিস্তান-ভারত ম্যাচটি খেলে। এ সময় তিনি বলেন, শ্রীলংকায় সন্ত্রাসবাদের কঠিন সময়ে পাকিস্তান দেশটির ক্রিকেটকে পূর্ণ সমর্থন দিয়েছিল। দীর্ঘদিনের সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সন্ত্রাসবাদের মধ্যেও পাকিস্তান দল শ্রীলংকা সফর করে ক্রিকেট খেলে গেছে।
শ্রীলংকার প্রেসিডেন্টের এই বক্তব্যকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, কঠিন সময়ে শ্রীলংকাও পাকিস্তানকে পূর্ণ সমর্থন দিয়েছে এবং পাকিস্তানেও ক্রিকেট চালু ছিল।
উল্লেখ্য, ভারতে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বিশ্বকাপে খেলতে অস্বীকৃতি জানালে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে বাংলাদেশ। তারই প্রেক্ষাপটে বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারত ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান।