
X
গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্যভাবে সম্পন্ন করতে সারাদেশে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছে আনসার বাহিনীর ১,১৯১টি স্ট্রাইকিং টিম, যা নির্বাচনী নিরাপত্তা জোরদারে একটি সুদৃঢ় কাঠামো হিসেবে কাজ করছে। দেশের ৪২,৭৭৯টি ভোটকেন্দ্রে জরুরি মুহূর্তে নিরাপত্তা নিশ্চিতকরণ ও শৃঙ্খলা রক্ষার দায়িত্বে এসব টিমকে সশস্ত্র স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে প্রত্যন্ত ও ঝুঁকিপূর্ণ এলাকায় ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তাকে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রতিটি উপজেলায় ২টি করে এবং প্রতিটি জেলায় ১টি করে আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং টিম মোতায়েন করা হয়েছে। এসব টিমের কার্যক্রম আনসার ভিডিপি জেলা কার্যালয়, রেঞ্জ কার্যালয় এবং সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।
নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থাপনাকে আধুনিক ডিজিটাল কাঠামোর আওতায় আনা হয়েছে। এর অংশ হিসেবে ‘নির্বাচনী সুরক্ষা অ্যাপ’এ প্রতিটি স্ট্রাইকিং টিমের একজন সদস্য রেসপন্ডার (Responder) হিসেবে দায়িত্ব পালন করছেন, যা দ্রুত প্রতিক্রিয়া, তথ্য আদান-প্রদান এবং কার্যকর সমন্বয় নিশ্চিত করছে।
আনসার ভিডিপি সদর দপ্তর সূত্রে জানা গেছে, নির্বাচনী দায়িত্বের তিনটি ধাপ- ১. নির্বাচন-পূর্ব, ২. নির্বাচনের দিন এবং ৩. নির্বাচন-পরবর্তী সময়ে আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং টিমের সদস্যরা মাঠে সক্রিয় থাকবেন, আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। তারা নির্বাচনী সময় উদ্ভূত যেকোনো অপ্রীতিকর ঘটনা, বিশৃঙ্খলা বা অপশক্তির অপচেষ্টা প্রতিহত করতে সর্বদা প্রস্তুত থাকবে।
সম্মিলিত নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনসার বাহিনী জেলা ও উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে দায়িত্ব পালন করছে।
সার্বিকভাবে, সুপরিকল্পিত নিরাপত্তা ব্যবস্থা, প্রযুক্তিনির্ভর তদারকি এবং বিভিন্ন বাহিনীর সমন্বিত কার্যক্রমের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ার শক্ত ভিত্তি তৈরি হয়েছে। মাঠপর্যায়ে আনসার বাহিনীর সক্রিয় উপস্থিতি কেবল আইনশৃঙ্খলা রক্ষায় নয়, ভোটার আস্থা পুনর্গঠন, অংশগ্রহণ বৃদ্ধি এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও সুদৃঢ় ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।