প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১৬ পিএম (ভিজিট : ৭১)

X
বাংলাদেশের নারী ক্রিকেট দল
গত কয়েক বছর ধরে আলোচনার পর অবশেষে নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট আয়োজনের ঘোষণা দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট হিসেবে আগামী এপ্রিলে মাঠে গড়াবে খেলা।
আনুষ্ঠানিক বিবৃতিতে বুধবার সন্ধ্যায় এই খবর জানিয়েছে বিসিবি। সব ঠিক থাকলে আগামী ৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে প্রথম নারী বিপিএলের খেলা। বিসিবির বিশ্বাস, দেশে নারী ক্রিকেটের উন্নতিতে বড় ভূমিকা রাখবে এই লিগ।
নারী বিপিএলের প্রথম সংস্করণে খেলবে তিনটি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দল। তবে ফ্র্যাঞ্চাইজি বা দলের নাম এখনও চূড়ান্ত হয়নি। প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে দেশি ক্রিকেটারদের তিন দলে ভাগ করা হবে। আর ফ্র্যাঞ্চাইজিগুলো চাইলে নিজেদের ইচ্ছেমতো বিদেশি ক্রিকেটারও দলে ভেড়াতে পারবে।
আর এই নারী বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান হিসেবে থাকবেন বিসিবি পরিচালক ও নারী ক্রিকেট বিভাগের প্রধান রুবাবা দৌলা। তার নেতৃত্বাধীন গভর্নিং কাউন্সিলই নারী বিপিএলের সার্বিক দিক দেখভাল করবে।
এছাড়া যথাসময়ে টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজি, ড্রাফটের নিয়ম, খেলার ফরম্যাট, সূচি, ভেন্যু, ব্রডকাস্ট ও স্পন্সরদের নাম জানানোর ঘোষণা দিয়েছে বিসিবি।