প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০১ পিএম (ভিজিট : ১০২)

X
মাইকেল ব্রেসওয়েল
টি২০ বিশ্বকাপে ভালো শুরু করা নিউজিল্যান্ডের দলে ধাক্কা। পায়ের চোটে টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। বাঁ পায়ের কাফে পুরোনো চোট ফের জেগে ওঠায় প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে অভিজ্ঞ অলরাউন্ডার ব্রেসওয়েলকে।
আর এই স্পিন অলরাউন্ডারের বদলে দলে যোগ দিচ্ছেন অফ স্পিনিং অলরাউন্ডার কোল ম্যাককনচি। তিনি ভারতে দলের সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে থাকবেন, সঙ্গে আছেন পেসার বেন সিয়ার্সও।
গত মাসে ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পায়ের কাফ মাসলে চোট পান ব্রেসওয়েল। ওই ম্যাচে ২৮ রানে অপরাজিত থাকলেও পরে ফিল্ডিংয়ে নামেননি। এরপর পাঁচ ম্যাচের টি২০ সিরিজ থেকেও ছিটকে যান।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, পুনর্বাসন শেষে অনুশীলনে ফেরার সময় আবার চোট পান ব্রেসওয়েল। স্ক্যানে নিশ্চিত হওয়া গেছে, সেরে উঠতে প্রায় তিন সপ্তাহ সময় লাগবে।
এর আগে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও খেলতে পারেননি ব্রেসওয়েল। ডান অ্যাকিলিস ছিঁড়ে যাওয়ায় অস্ত্রোপচার করতে হয়েছিল তাকে। ম্যাককনচি নিউজিল্যান্ডের হয়ে ১২টি টি-টোয়েন্টি খেলে নিয়েছেন ৭ উইকেট, ইকোনমি ৭.২৯। ক্যান্টারবারির অধিনায়ক হিসেবে গত মাসে সুপার স্ম্যাশে ১৪ উইকেট নিয়ে ছিলেন দলের সর্বোচ্চ উইকেটশিকারি।
বিশ্বকাপে এখন পর্যন্ত দুই ম্যাচের দুটিই জিতেছে নিউজিল্যান্ড। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ১০ উইকেটে হারিয়েছে কিউইরা। ১৪ ফেব্রুয়ারি আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ম্যাচ মাঠে নামবে নিউজিল্যান্ড।