প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩২ পিএম (ভিজিট : ১৫৮)

X
নিষেধ অমান্য করে ভোট দেওয়ার অভিযোগে ফেনীতে বিবি জহুরা নামে এক গৃহবধূকে মৌখিকভাবে তালাক দেওয়ার ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাঁশতলা এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ইসমাইল হোসেন কাওসার ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, বুধবার বিকালে কাওসার তার স্ত্রীকে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য বলেন। তবে প্রথমবারের মতো ভোটার হওয়ায় বিবি জহুরা বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তিন সন্তানকে সঙ্গে নিয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেন। পরে বিকালে কাওসার জানতে পারেন যে তার স্ত্রী ভোট দিয়েছেন।
এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে সন্ধ্যায় তিনি স্ত্রীকে মৌখিকভাবে তিন তালাক দেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার পর স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে কাওসারকে আটক করেন। একপর্যায়ে স্ত্রীকে দেওয়া মৌখিক তালাক প্রত্যাহার করবেন বলে আশ্বাস দিয়ে তিনি সেখান থেকে কৌশলে পালিয়ে যান।
প্রসঙ্গত, ২০১৩ সালে ফেনী সদর উপজেলার মধুয়াই বাজার এলাকার নুর আহম্মদের মেয়ে বিবি জহুরা কাওসারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে তিন সন্তান রয়েছে।