প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৩ এএম (ভিজিট : ৬৩)

X
শেরপুর জেলার শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর জয়কে ঘিরে মজার এক বাজির ঘটনা এখন আলোচনায়। বাজিতে জেতা একটি মহিষ ব্যান্ড পার্টি নিয়ে বাড়ি ফিরেছেন আব্দুল মান্নান।
নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের উত্তর নাকশী গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান পার্শ্ববর্তী বালুঘাটা গ্রামের জামায়াতে ইসলামীর সমর্থক আমীর হোসেনের সঙ্গে নির্বাচনের ফলাফল নিয়ে মজার ছলে বাজি ধরেন। শর্ত ছিল- শেরপুর-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে মান্নান আমীর হোসেনকে ৬টি মহিষ দেবেন। আর ধানের শীষ প্রতীক জয়ী হলে তিনি পাবেন ১টি মহিষ।
বৃহস্পতিবার রাতে প্রকাশিত ফলাফলে শেরপুর-২ আসনে ধানের শীষ প্রতীক বিজয়ী হয়। ফলে শর্ত অনুযায়ী শুক্রবার সকালে ব্যান্ড পার্টি নিয়ে আমীর হোসেনের বাড়ি যান মান্নান এবং একটি মহিষ নিয়ে আনন্দঘন পরিবেশে বাড়ি ফেরেন।
আব্দুল মান্নান বলেন, “আমি আগে থেকেই বলেছিলাম ধানের শীষই জিতবে। তাই মজা করে বাজি ধরেছিলাম। ফলাফল ঘোষণার পর শর্ত অনুযায়ী মহিষ নিয়ে বাড়ি ফিরেছি।”
মহিষ নিয়ে তার বাড়ি ফেরার খবর ছড়িয়ে পড়লে নাকশী গ্রামসহ আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয়রা হাসি-আনন্দে ঘটনাটি উপভোগ করেন এবং অনেকে তাকে অভিনন্দন জানাতে বাড়িতে ভিড় করেন।
মান্নানের ছেলে সোহেল মিয়া জানান, “আমার আব্বা বাজিতে মহিষ জিতেছেন। তাই আমরা ব্যান্ড পার্টি নিয়ে গিয়ে মহিষ নিয়ে এসেছি।”
স্থানীয় বাসিন্দা রিয়াজ আহম্মেদ বলেন, এটি ছিল সম্পূর্ণ মজার বাজি। তবে ফলাফলের পর ব্যান্ড বাজিয়ে মহিষ নিয়ে ফেরার দৃশ্য দেখতে অনেকেই রাস্তায় বের হয়ে আসেন।
কলসপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, আমীর হোসেন ও আব্দুল মান্নানের মধ্যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে। তাঁরা হাস্যরসের ছলেই বাজি ধরেছিলেন। বাজি পরিশোধের পরও তাঁদের মধ্যে সুসম্পর্ক বজায় রয়েছে।