প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৫ পিএম (ভিজিট : ১৭২)

X
১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) রাতে লাকসাম রেলওয়ে জংশনে চাঁদপুরগামী ৭২৯ নং আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনা ঘটে। ট্রেনের ইঞ্জিন পরিবর্তনের সময় অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বগি ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। আশ্চর্যের বিষয়, কোনো যাত্রী বা ট্রেনের গার্ড আহত হননি।
রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস বিকেল ৫:১৫ মিনিটে রওনা দেয়। রাত ৮:১৫ মিনিটে লাকসাম স্টেশনে পৌঁছানোর পর যাত্রা বিরতির সময় বগির সঙ্গে নতুন ইঞ্জিন লাগানোর চেষ্টা চলছিল। এ সময় ইঞ্জিনের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগে এবং ৯৬৮৬ "ক" বগিটি ক্ষতিগ্রস্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে থাকা রেলওয়ে কর্মীরা দ্রুত সরে গিয়ে নিরাপদে অবস্থান নেন। ট্রেনের গার্ডও নিজের কক্ষ থেকে বের হয়ে নিরাপদে বের হন। ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি, তবে ট্রেনের যাত্রীরা আতঙ্কিত হন।
লাকসাম কেবিন মাষ্টার ইকবাল হোসেন জানান, ইঞ্জিনের অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটেছে। বগি ও ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হলেও উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। ক্ষতিগ্রস্ত বগি পরে আরেকটি ইঞ্জিনে চাঁদপুরগামী ট্রেনে সংযুক্ত করে রাত ১২ টার দিকে ট্রেনটি রওনা দেয়।
ভবিষ্যতে রেলওয়েতে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্ত করার প্রয়োজনীয়তার ইঙ্গিত দিচ্ছে।