প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৪ এএম আপডেট: ১৫.০২.২০২৬ ১১:৪২ এএম (ভিজিট : ২৬৪)

X
ত্রয়োদশ জাতীয় নির্বাচন শেষে এবার নতুন সরকারের আনুষ্ঠানিক শপথের অপেক্ষায় দেশ। নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চীন, ভারত, পাকিস্তানসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার শপথ নিতে যাচ্ছে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে শপথগ্রহণ অনুষ্ঠান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর শুক্রবার নির্বাচিতদের গেজেট প্রকাশ করা হয়। এরপর আলোচনায় আসে শপথ ও ক্ষমতা হস্তান্তরের বিষয়টি। পরে শনিবার (১৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে মন্ত্রিপরিষদ সচিব জানান, শপথ আয়োজনের সব প্রস্তুতি শেষ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
ওইদিন সকালে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। একই দিন বিকেলে হবে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদসদ্যদের শপথ অনুষ্ঠান। ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। সচিবালয় সূত্রে জানা যায়, নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনই পড়াবেন। আর এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতৃত্বের সঙ্গে আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তী সরকার ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে চীন, সৌদি আরব, তুরস্ক, ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান।
প্রসঙ্গত, আগামী মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পায় বিএনপি জোট।