প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৮ পিএম (ভিজিট : ২১৭)

X
খুলনা-৫ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আলি আসগর লবি তার নির্বাচনী এলাকা বিল ডাকাতিয়া ও পার্শ্ববর্তী দু’উপজেলায় জলাবদ্ধতা দূরীকরণ এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন।
নির্বাচনে জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারকে ২ হাজার ৬০৮ ভোটের ব্যবধানে পরাজিত করে জয়ী হওয়া আলি আসগর লবি জানান, নির্বাচনী প্রতিশ্রুতির প্রতি অঙ্গীকার রক্ষা করাই তার প্রধান লক্ষ্য। তিনি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করবেন।
সাক্ষাৎকারে আলি আসগর লবি বলেন, বিল ডাকাতিয়া এলাকায় বসবাসযোগ্য পরিবেশ সৃষ্টি করতে বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে। এখানে ১২ মাসই ফসল ফলবে, যাতায়াত ব্যবস্থা উন্নত করা হবে, আধুনিক সভ্যতার সুবিধা পাবে। উৎপাদিত সবজি বিদেশে রপ্তানি ও সংরক্ষণাগার স্থাপন করে চাষীদের আয় বৃদ্ধি করা হবে। চিংড়ির মান উন্নয়নের জন্যও বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, সকল নাগরিককে সমান সুযোগ প্রদান এবং ভিন্নমতের মানুষদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। নির্বাচনী প্রচারণার সময় যে সকল আচরণ অন্যায় বা অবৈধ ছিল, তা আইনের আওতায় আনা হবে।
অলি আসগর লবি ২০০১ সালে খুলনা-২ আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি এক সময়ে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন।