প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৫ পিএম (ভিজিট : ৯১)

X
রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে এক সপ্তাহের ব্যবধানে লেবুর দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগে যেখানে প্রতি হালি লেবু ৫০-৬০ টাকায় বিক্রি হতো, বর্তমানে তা বেড়ে ১০০ টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ হালিতে বেড়েছে প্রায় ৪০ টাকা। এখন প্রতি পিস লেবু বিক্রি হচ্ছে ২৫ টাকায়।
সরেজমিনে দেখা গেছে, খুচরা বিক্রেতারা লেবু সাজিয়ে ২৫ টাকা পিস দরে বিক্রি করছেন। বিক্রেতাদের দাবি, সরবরাহ কমে যাওয়া এবং পাইকারি বাজারে দাম বৃদ্ধির প্রভাবেই খুচরা পর্যায়ে এ মূল্যবৃদ্ধি হয়েছে।
ক্রেতা রাশেদ মাহমুদ বলেন, এক সপ্তাহ আগেও ৫০-৬০ টাকায় হালি লেবু কিনেছেন, এখন ১০০ টাকা দিতে হচ্ছে যা সাধারণ মানুষের জন্য বাড়তি চাপ। সুমি আক্তার বলেন, রমজান সামনে রেখে লেবুর দাম অস্বাভাবিকভাবে বেড়েছে, ফলে আগের মতো নিয়মিত কেনা সম্ভব হচ্ছে না।
বিক্রেতা আব্দুল কাদের জানান, পাইকারি বাজার থেকেই বেশি দামে লেবু কিনতে হচ্ছে। মো. জামাল হোসেন বলেন, শীতের শেষ দিকে সরবরাহ কমে যায় এবং নতুন মৌসুমের লেবু বাজারে আসতে সময় লাগে, তাই এ সময় দাম বাড়ে।
ব্যবসায়ীরা আশা করছেন, নতুন মৌসুমের লেবু বাজারে এলে দাম কিছুটা কমতে পারে। তবে সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত উচ্চমূল্য অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাজধানীর বিভিন্ন বাজারেও একই চিত্র দেখা যাচ্ছে।