প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩০ পিএম (ভিজিট : ৭৯)

X
বিশ্বে ৯ কোটি ৪০ লাখেরও বেশি মানুষ ছানি রোগে ভুগছেন, তবে তাদের প্রায় অর্ধেক প্রয়োজনীয় অস্ত্রোপচারের সুযোগ পাচ্ছেন না বলে জানিয়েছে World Health Organization (ডব্লিউএইচও)। খবর এএফপি।
ডব্লিউএইচও জানায়, বয়স বাড়ার সঙ্গে চোখের লেন্স ঘোলা হয়ে যাওয়াকে ছানি বলা হয়। চিকিৎসা না হলে এটি অন্ধত্বের কারণ হতে পারে। অথচ ছানি অপারেশন মাত্র ১৫ মিনিটের একটি সহজ ও সাশ্রয়ী চিকিৎসা, যা দ্রুত ও স্থায়ীভাবে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে সক্ষম।
সংস্থাটির চোখের যত্ন বিষয়ক কারিগরি প্রধান স্টুয়ার্ট কিল বলেন, বিশ্বে যাদের ছানি অস্ত্রোপচার প্রয়োজন, তাদের অর্ধেকই চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত। আফ্রিকা অঞ্চলে পরিস্থিতি সবচেয়ে গুরুতর সেখানে প্রতি চারজনের মধ্যে তিনজন প্রয়োজনীয় অপারেশন পান না।
তিনি জানান, কেনিয়ায় ছানি অপারেশন প্রয়োজন এমন ৭৭ শতাংশ মানুষ দৃষ্টি প্রতিবন্ধকতা বা অন্ধত্ব নিয়েই মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন। এছাড়া বিশ্বজুড়ে পুরুষদের তুলনায় নারীরা কম চিকিৎসা সুবিধা পাচ্ছেন।
ডব্লিউএইচও আরও জানায়, আক্রান্তদের মধ্যে ২০ শতাংশের কম সম্পূর্ণ অন্ধ হলেও অধিকাংশ মানুষ বিভিন্ন মাত্রার দৃষ্টিশক্তি সমস্যায় ভুগছেন।