ধানমন্ডি ৩২ নম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষকসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
আটককৃত শিক্ষক হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেম মোহাম্মদ জামাল উদ্দিন। প্রাথমিকভাবে অন্য আটককৃতদের পরিচয় পাওয়া যায়নি।
রবিবার বিকেল পৌনে ৫টার দিকে ধানমন্ডি ৩২ থেকে তাদেরকে নিয়ে যায় ধানমন্ডি থানা পুলিশ।
রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, এ বিষয়ে আমি কোনো বক্তব্য দিতে পারব না। তবে তাদেরকে আটক করা হয়নি।
এর আগে, দুপুরে নিজেকে আওয়ামী লীগের আমলে বঞ্চিত একজন উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম কামাল।
ফেসবুক পোস্টে তিনি লিখেন, ধানমন্ডি ৩২ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্ন বাসভবনে গমন করে অশ্রুপাত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবো আজ বিকেল ৪ টায়। আপনাদের দলে দলে যোগদান করার অনুরোধ করছি।