‘ভারতকে এবার কঠিন পরীক্ষায় ফেলবে পাকিস্তান’

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

পাকিস্তানের বিপক্ষে অনেক দিন ধরেই একচেটিয়া আধিপত্য দেখিয়ে আসছে ভারত। তবে এবার ভিন্ন চিত্র দেখা যেতে পারে বলে

2026-02-15T19:35:49+00:00
2026-02-15T19:35:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘ভারতকে এবার কঠিন পরীক্ষায় ফেলবে পাকিস্তান’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৫ পিএম   (ভিজিট : ৩৭)
সাবেক ভারতীয় ক্রিকেটার দিনেশ কার্তিক
X

সাবেক ভারতীয় ক্রিকেটার দিনেশ কার্তিক

পাকিস্তানের বিপক্ষে অনেক দিন ধরেই একচেটিয়া আধিপত্য দেখিয়ে আসছে ভারত। তবে এবার ভিন্ন চিত্র দেখা যেতে পারে বলে মনে করছেন দিনেশ কার্তিক। ভারতের সাবেক কিপার-ব্যাটসম্যানের মতে, কলম্বোর স্পিন সহায়ক উইকেটে তার উত্তরসূরিদের কঠিন পরীক্ষায় ফেলবে চিরপ্রতিদ্বন্দ্বীরা।
বিশ্বকাপে ভারত-পাকিস্তান লড়াইয়ে দাপট চলে ভারতেরই। এখন পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপে আটবারের দেখায় একবারও প্রতিবেশিদের কাছে হারেনি ভারত। আর টি২০ বিশ্বকাপে আটবারের সাক্ষাতে পরাজয় কেবল একটি। সব মিলিয়ে, টি২০তে দুই দলের ১৬ ম্যাচের ১৩টিতেই জয়ের স্বাদ পেয়েছে ভারত। গত সেপ্টেম্বরের এশিয়া কাপে ফাইনালসহ তিনবারের দেখায় প্রতিবারই পাকিস্তানকে হারায় তারা।
দুই দলের আরেকটি দ্বৈরথের আগে ভারতের অনায়াস জয় দেখছেন অনেকেই। তবে এবার পরিস্থিতি যে ভিন্ন সেটি তুলে ধরার চেষ্টা করেছেন কার্তিক। ক্রিকবাজের একটি অনুষ্ঠানে তিনি বলেন, কন্ডিশনের বিচারে এবার কিছুটা হলেও এগিয়ে পাকিস্তান। “পাকিস্তানের বিপক্ষে আগামীকালের (রোববার) ম্যাচটি সাম্প্রতিক সময়ের মধ্যে ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হতে যাচ্ছে। কন্ডিশনের সঙ্গে পরিচিতির দিকটা বিবেচনা করলে, লড়াইয়ে পাকিস্তান সুবিধাজনক অবস্থানে থেকে শুরু করবে। গত কয়েক বছরের তুলনায় এবার ভারতকে চাপে ফেলার বড় সুযোগ রয়েছে তাদের সামনে। কলম্বোর কন্ডিশনে ভারতের ব্যাটিং লাইন-আপই মূলত বড় পরীক্ষার মুখে পড়বে।”
“ধীরগতির এবং যেখানে বল কিছুটা থেমে আসে, এমন পিচে স্পিনের বিপক্ষে ভারতের ব্যাটিং অতটা শক্তিশালী নয় যতটা ফ্ল্যাট বা ব্যাটিং-সহায়ক পিচে দেখা যায়। পরিসংখ্যানেও এর স্পষ্ট পার্থক্য লক্ষ্য করা যায়। এই একটি জায়গা নিয়ে ভারত অবশ্যই সতর্ক থাকবে।”
এবারের বিশ্বকাপ হচ্ছে ভারত ও শ্রীলঙ্কায়। পাকিস্তান তাদের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ খেলবে কলম্বোতে। ভারতের বিপক্ষে রোববারের লড়াইটিও তাদের সেখানে। দীর্ঘদিন একই মাঠে খেলার কারণে কন্ডিশন সম্পর্কে ভারতের চেয়ে বেশি জানাশোনা থাকবে পাকিস্তানের, এটাই স্বাভাবিক।
সেটার সঙ্গে আবার পাকিস্তানের অফ স্পিনার উসমান তারিককে নিয়ে চলছে তোলপাড়। ভারতের বিপক্ষে অপ্রথাগত বোলিং অ্যাকশনের এই বোলারকে পাকিস্তানের ‘ট্রাম্প কার্ড’ মনে করছেন অনেকেই। ভারতও তাদের অনুশীলনে তারিকের বোলিংয়ের অনুকরণ করে নিজেদের প্রস্তুতি নিয়েছে।
পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মাদ হাফিজের মতে, আসছে লড়াইয়ের আগে মনস্তাত্ত্বিক লড়াইয়ে এগিয়ে আছে পাকিস্তান। “আমরা যদি ক্রিকেটের ভেতরের দিকটা দেখি, তবে উসমান তারিককে নিয়ে যে হাইপ তৈরি হয়েছে, সেটি আমাদের জন্য একটি মনস্তাত্ত্বিক জয়। এই মুহূর্তে কেউ বাবর আজম বা অন্য কোনো খেলোয়াড়কে নিয়ে কথা বলছে না; সবাই শুধু উসমান তারিককে নিয়েই আলোচনা করছে। সে পাকিস্তানের হয়ে মাত্র এক-দুটি ম্যাচ খেলেছে, কিন্তু কল্পনা করুন, ভারতীয় শিবিরের ভেতরে সে কতটা আতঙ্ক তৈরি করেছে! তারা নিজেদের অনুশীলন সেশনেও বিশেষভাবে তাকে সামলানোর প্রস্তুতি নিচ্ছে।”
“একজন খেলোয়াড়কে নিয়ে এত আলোচনা আগে কতবার দেখা গেছে? সব সংবাদ মাধ্যম, পুরো বিশ্ব, তারা কেবল ম্যাচের ফলাফল নিয়ে কথা বলছে না, উসমান তারিক আগামীকাল কি করবে সেটা নিয়েও ভাবছে।”








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy