প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৯ পিএম (ভিজিট : ৬০)

X
রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জোড়া গোল করে উচ্ছ্বসিত রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র
দলের দুই প্রধান তারকা কিলিয়ান এমবাপে ও জুড বেলিংহ্যামকে ছাড়াই সান্তিয়াগো বার্নাব্যুতে দাপট দেখালো রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে রিয়াল সোসিয়েদাদকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে রিয়াল। এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে টপকে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো আলভারো আরবেলোয়ার শিষ্যরা।
এদিনের এই জয়ের পর ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৫৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। শনিবার রাতের এই ম্যাচে চোট জটিলায় দলে ছিলেন না জুড বেলিংহ্যাম। অন্যদিকে হাঁটুর অস্বস্তির কারণে সপ্তাহজুড়ে অনুশীলনে অনিয়মিত থাকা এমবাপ্পেকে রাখা হয়েছিল বেঞ্চে। তবে মাঠের পারফরম্যান্সে তার কোনো নেতিবাচক প্রভাব পড়তে দেননি ভিনিসিয়াস-ভালভার্দেরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে রিয়াল। মাত্র ৫ মিনিটেই লিড নেয় তারা; ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের নিখুঁত ক্রস থেকে গোল করে দলকে এগিয়ে দেন তরুণ তুর্কি গনসালো গার্সিয়া। তবে ২১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সোসিয়াদেদকে সমতায় ফেরান মিকেল ওইয়ারসাবাল। ডিন হুইসেন বক্সে ইয়াঙ্গেল হেরেরাকে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন।
অবশ্য বেশিক্ষণ টেকেনি সফরকারীদের। চার মিনিট পরেই বক্সে জন আরামবুরুর চ্যালেঞ্জে ভিনিসিয়াস পড়ে গেলে পেনাল্টি পায় রিয়াল। সফল স্পট কিকে দলকে আবারও ২-১ ব্যবধানে এগিয়ে নেন ভিনি নিজেই। ম্যাচের ৩১ মিনিটে ব্যবধান আরও বাড়ান অধিনায়ক ফেদেরিকো ভালভার্দে। বক্সের বাইরে থেকে জোরালো শটে মৌসুমে নিজের প্রথম গোলটি পূর্ণ করেন এই উরুগুইয়ান মিডফিল্ডার। বিরতির পর আক্রমণ আরও শাণিত করে রিয়াল। দ্বিতীয় অর্ধে আবারও পেনাল্টি পায় লস ব্লাঙ্কোসরা।
ম্যাচের ৫৩ মিনিটে ঠান্ডা মাথার ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন ভিনিসিয়াস জুনিয়র। শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। এই পরাজয়ে সোসিয়াদেদের টানা ১০ ম্যাচের অপরাজিত যাত্রার অবসান ঘটল।